গায়িকা ক্যাটরিনা!
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার গায়িকা হয়ে আসছেন! আশ্চর্য হতে পারেন অনেকেই। এটি অনেকটা আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। যে অভিনেত্রী ঠিকমতো হিন্দিতে কথাই বলতে পারেন না, তিনিই কি না বলিউডের ছবিতে গান করবেন। সবকিছু ছাপিয়ে সেটাই সত্যি হতে যাচ্ছে। এদিকে ক্যাটরিনা সাম্প্রতিক সময়ে হিন্দি বেশ ভালোভাবেই আয়ত্ত করে নিয়েছেন। সেটা অবশ্য অভিনেতা আলী জাফরের আগ্রহের জন্যই। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মেরি ব্রাদার কি দুলহান’ ছবিতে গায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, ‘মেরি ব্রাদার কি দুলহান’ ছবির সহ-অভিনেতা আলী জাফরই ক্যাটরিনা কাইফকে ছবিতে গান করার ব্যাপারে আগ্রহী করেছেন। চলচ্চিত্রের জন্য ক্যাটরিনার এই গানটির সংগীত পরিচালনা করবেন সোহেল সেন। মজার ব্যাপার হচ্ছে, ক্যাটরিনা কাইফ এ প্রজন্মের প্রথম অভিনেত্রী যিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। এর আগে অবশ্য বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন।