গায়িকা হতে চেয়েছিলেন সোনাক্ষী!
কলেজে পড়ার সময় গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন ‘দাবাং’খ্যাত বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এমনকি স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে সংগীতপ্রতিভা অন্বেষণমূলক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলেও অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অসম্পূর্ণই রয়ে গেছে তাঁর সে স্বপ্ন। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি পর্বে ‘জোকার’ ছবির প্রচারণার কাজে হাজির হন সোনাক্ষী। সেখানেই তিনি নিজের গোপন স্বপ্নের কথা জানান। সম্প্রতি এক খবরে এমন তথ্য প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ। সোনাক্ষী বলেন, ‘কলেজে পড়ার সময় প্রথম এই স্বপ্ন উঁকি দিয়েছিল আমার ভেতর। একপর্যায়ে স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার খুব ইচ্ছে ছিল, ইন্ডিয়ান আইডলে অংশ নেব। কিন্তু শেষ পর্যন্ত শখের গায়িকা হয়েই থাকতে হয়েছে আমাকে।’২৫ বছর বয়সী এ তারকা আরও বলেন, ‘যা-ই হোক, আজ ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানে আসতে পেরে আমার স্বপ্নের অর্ধেক হলেও পূরণ হলো। খুব ভালো লাগছে। এই শোর অসাধারণ সব প্রতিযোগীর কণ্ঠে চমত্কার কিছু গান শোনার সুযোগ পেয়ে দারুণ অনুভূতি কাজ করছে আমার ভেতর।’