গায়ে হাত তোলায় গ্রেপ্তার হলেন লিন্ডসে (ভিডিও)
নিউইয়র্কের ক্লাব এভিনিউ নৈশক্লাব থেকে ২৯ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটায় গ্রেপ্তার করা হয়েছে ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহানকে। এক নারীর গায়ে হাত তোলার অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’ তকমা পাওয়া এ অভিনেত্রীকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের বরাতে টিএমজি জানিয়েছে, নৈশক্লাবে এক নারীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন লিন্ডসে। একপর্যায়ে হাতাহাতি শুরু হয় তাঁদের মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গায়ে হাত তোলার অভিযোগে গ্রেপ্তার করে লিন্ডসেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় আটক আছেন বহুল আলোচিত এই হলিউডি অভিনেত্রী। গত ৮ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন লিন্ডসে। ওই সময় গাড়ির পেছনের আসনে বসে ছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেন তিনি। কিন্তু পরে জানা যায়, তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয় পুলিশ। এই অভিযোগে লিন্ডসেকে কারাদণ্ড দেওয়া হবে কি না তা এখনো চূড়ান্ত করেননি বিচারক স্টেফানি সটনার। এ অবস্থায় অন্যের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেপ্তার হয়ে ‘কয়লা ধুলে ময়লা যায় না’ প্রবাদকেই যেন সত্য প্রমাণ করলেন অঘটনঘটনপটীয়সী লিন্ডসে। সামনে যে আবার তাঁকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।