গায়েন মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো তিনি খুনি, কখনো প্রেমিক, কখনো ভবঘুরে—এমনই বিভিন্ন চরিত্রে আনিসুর রহমান মিলনকে ছোট পর্দায় দেখা যায় হরহামেশা। তবে মিলন বড় পর্দায় তাঁর প্রথম ছবিতে অভিনয় করেছেন গায়েন চরিত্রে। ছবির নাম শুয়া চান পাখি। এরই মধ্যে এই ছবির বেশির ভাগ শুটিং শেষ হয়েছে।মিলন বলেন, ‘যেহেতু এটি আমার প্রথম চলচ্চিত্র, তাই মনের মধ্যে কিছুটা উত্তেজনা তো আছেই। ছবিতে আমি অভিনয় করেছি গায়েনের চরিত্রে। এটাও আমার কাছে নতুন এক ধরনের অভিজ্ঞতা। কীভাবে গান শেখা যায়, কীভাবে গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে হয়, তা রপ্ত করতে হয়েছে।’মিলন আরও বলেন, ‘ছবির গল্পে আমি ছোটবেলা থেকেই গ্রামের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করি। মায়ের ইচ্ছা, আমি যেন গান করি। গান শেখার জন্য একটি নতুন স্থানে যাই। সেখানে এক হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে কোনো সম্পর্ক না হলেও মেয়েটির বাবা ভুল ধারণা করে আমার ওপর নির্যাতন করেন। তখন মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি আমার গান শেখার ইচ্ছা আরও প্রকট হয়ে ওঠে।’মিলনের সঙ্গে ছবিতে হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নওশীন।এর আগে মিলন তুমি আসবে বলে ভালোবাসবে বলে ছবিতে অভিনয় শুরু করেছিলেন। মিলন জানান, মাঝপথে ছবির পরিচালক আশরাফুল হকের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে তিনি ছবিটি ছেড়ে দিয়েছেন।