গিজেলের প্রেমে মজেছেন যুবরাজ সিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিজেল ঠাকরাল ও যুবরাজ সিং
গিজেল ঠাকরাল ও যুবরাজ সিং

কিম শর্মাসহ বলিউডের আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন ক্রিকেটার যুবরাজ সিং। এবার মডেল ও অভিনেত্রী গিজেল ঠাকরালের সঙ্গে যুবরাজের সখ্যের খবর চাউর হলো বলিউডে। 
সম্প্রতি গিজেলের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হন যুবরাজ। তবে অনুষ্ঠানে পৌঁছতে তাঁর বেশ দেরি হয়ে যায়। মধ্যরাত পেরিয়ে গেলেও যুবরাজ না আসা পর্যন্ত জন্মদিনের কেক না কেটে অপেক্ষা করতে থাকেন গিজেল। এজন্য অপেক্ষায় থাকতে হয় ‘মেন্টাল’ ছবির অভিনেত্রী সানা খান, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ তারকা সিদ্ধার্থ মালহোত্রাসহ আমন্ত্রিত অতিথিদের। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘অনুষ্ঠানে যুবরাজ আসামাত্রই তাঁকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান গিজেল। পুরো অনুষ্ঠানে তাঁরা বেশ সহজভাবেই মিশেছেন। এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তবে বেশির ভাগ সময়ই এই জুটির সঙ্গে ছিলেন তাঁদের কাছের বন্ধুরা।’
যুবরাজ প্রসঙ্গে জানতে চাইলে গিজেলের সরল স্বীকারোক্তি, ‘যুবরাজ আমার খুবই ভালো একজন বন্ধু। আমি তাঁকে অনেক বছর ধরে চিনি। যুবরাজসহ বন্ধু-বান্ধবেরা মিলে প্রায়ই আমরা ঘুরতে বের হই।’