গিটার শেখাবেন লাবু রহমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাস্টারক্লাস অব লাবু রহমান কর্মশালার পোস্টার
মাস্টারক্লাস অব লাবু রহমান কর্মশালার পোস্টার

গিটার শেখা নিয়ে তরুণদের আগ্রহের কমতি নেই​। অনলাইনে নানা উৎ​স থেকে খুঁজে গিটারের নানা পাঠ শিখছেন অনেকেই। তাঁদের জন্য সরাসরি গিটারের কর্মশালার আয়োজন করেছে গিটারের পাঠ বিনিময়ের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘গিটার বাজাই’। কর্মশালায় সরাসরি গিটারের নানা পাঠ হাতে কলমে শেখাবেন গিটারিস্ট লাবু রহমান।
আগামী ২৮ জানুয়ারি শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ধানমন্ডির ইএমকে সেন্টারে চলবে কর্মশালা ‘মাস্টারক্লাস উইথ লাবু রহমান সেশন-২’। লাবু রহমান ছাড়াও সেখানে থাকবেন কিবোর্ডিস্ট ফুয়াদ নাসের বাবু ও ‘গিটার বাজাই’ দলটির সদস্যরা। দলটির অন্যতম সদস্য আহসান আহমেদ জানান, আগ্রহীদের অনবরত অনুরোধে আমার দ্বিতীয়বারের মতো এ কর্মশালার আয়োজন করেছি। এবার বেশ কজন রক গিটারিস্ট এই অধিবেশনে বাজাবেন। এমনকি লাবু রহমানের সঙ্গে মঞ্চে বাজানোরও সুযোগ থাকবে আগ্রহীদের।
গত বছরের ৮ অক্টোবর ধানমন্ডির ইএমকে সেন্টারে তিন ঘণ্টার একটি মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছিল। তাতে দারুণ সাড়া পেয়েছিলেন আয়োজকেরা। সেই ধারাবাহিকতায় গিটারশিল্পী লাবু রহমানকে নিয়ে তারা আবারও আয়োজন করলেন এ কর্মশালা। গিটার শিখতে আগ্রহী যে কেউ নিবন্ধনের মাধ্যমে এতে যোগ দিতে পারবেন। সরাসরি লাবু রহমান ও তাঁর জ্যেষ্ঠ শিক্ষার্থীদের থেকে শিখে নিতে পারবেন গিটারের প্রাথমিক ও মাধ্যমিক নানা পাঠ।
নিবন্ধন ও বিস্তারিত জানা যাবে এর ফেসবুক ইভেন্ট/১৩৩৩০৯৯১৩৮১৩৭৯৩ থেকে। এ ছাড়া টিকিট পাওয়া যাবে বিডি টিকিটস ডটকম ওয়েব সাইট (http://bit.ly/2jUzGaa) থেকে। আয়োজনের সম্প্রচার সহযোগী এবিসি ​রেডিও ৮৯.২ এফএম।