অভিনেতা হিসেবে জনি ডেপ আজ বিশ্ববিখ্যাত। আশির দশকে টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট-এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি কিশোরদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ও অনুকরণীয় হয়ে উঠেছিলেন। পরবর্তী সময়ে বিংশ শতাব্দীতে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এখন পর্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র। প্রায় ৩০ বছর ধরে তিনি অভিনয় করছেন।তবে অভিনয়জীবনে আসার আগে থেকে জনি ডেপ যে একজন গিটারিস্ট, তা হয়তো অনেকেরই অজানা। আজ আমরা জনি ডেপের সংগীতজীবনের কথা পাঠকদের কাছে তুলে ধরব।জনি ডেপ ১৯৬৩ সালের ৯ জুন আমেরিকার ওয়েন্সবোরোর কেনটাকিতে জন্মগ্রহণ করেন। তবে তাঁর শৈশব কাটে ফ্লোরিডায়। ১২ বছর বয়সে তিনি তাঁর মায়ের কাছ থেকে একটি গিটার উপহার পান। এর পর থেকে গিটারের প্রতি মনোযোগী হয়েছিলেন। ১৯৭৮ সালে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। তখন তিনি মানসিকভাবে আঘাত পান। সেই কষ্ট দূর করতে তাঁর সঙ্গী ছিল গিটার। সেই সময়ের আগ থেকেই জনি ডেপ বিভিন্ন গ্যারেজ দলের সঙ্গে গিটার বাজানো শুরু করেন। ১৯৭৯ সালে ১৬ বছর বয়সে জনি ডেপ রক সংগীতশিল্পী হওয়ার জন্য উচ্চবিদ্যালয়ের পড়ালেখা বাদ দিয়ে পালিয়েছিলেন। তবে পালানোর সপ্তাহ খানেক পর পুনরায় তিনি বিদ্যালয়ে যেতে চেয়েছিলেন। তখন সেই বিদ্যালয়ের অধ্যক্ষ তাঁকে বলেছিলেন নিজের স্বপ্নকে সত্যি করতে। অর্থাৎ সংগীতশিল্পী হওয়ার জন্য তিনি জনি ডেপকে উৎসাহ দেন।জনি ডেপ ‘দ্য কিডস’ নামে একটি দলের সঙ্গে গিটার বাজাতে থাকেন। পরবর্তী সময়ে রেকর্ড কোম্পানির খোঁজে তাঁরা লস অ্যাঞ্জেলেসে যান। সেখানে গিয়ে নিজেদের দলের নাম তাঁরা পরিবর্তন করে ‘মিক্স গান মেঞ্চ’ রাখেন। তবে রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ার আগেই দলটি ভেঙে যায়। এরপর জনি ডেপ ‘রক সিটি অ্যাঞ্জেলস’ নামের একটি দলের সঙ্গে বাজানো শুরু করেন। সেই দলের সঙ্গে ‘ম্যারি’ শীর্ষক একটি গানের কথা ও সুর করার ব্যাপারে তাঁর ভূমিকা ছিল। গানটি ‘রক সিটি অ্যাঞ্জেলস’-এর প্রথম অ্যালবামে স্থান পায়।১৯৮৩ সালের ২৪ ডিসেম্বর লোরি অ্যানি অ্যালিসনকে বিয়ে করেন জনি ডেপ। লোরি অ্যানি অ্যালিসন ছিলেন ‘রক সিটি অ্যাঞ্জেলস’-এর বেজ গিটারবাদকের বোন।জনি ডেপের স্ত্রী তাঁকে তৎকালীন জনপ্রিয় অভিনেতা নিকোলাস কেজ-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। নিকোলাস কেজ তখন জনি ডেপকে অভিনয় করার পরামর্শ দেন। তবে দুঃখজনকভাবে ১৯৮৫ সালে লোরি অ্যানি অ্যালিসনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে।জনি ডেপ রক গানের দল নিয়ে এগোতে না পারলেও একজন রক গিটারিস্ট হিসেবে এখন পর্যন্ত অনেক কাজ করেছেন। অতিথি শিল্পী হিসেবে তিনি অনেক দলের গানে গিটার বাজিয়েছেন।ওয়েসিসের ‘ফেড ইন অডিট’ গানটিতে তিনি স্লাইড গিটার বাজিয়েছেন। চকলেট, ওয়ানস আপন এ টাইম ইন মেক্সিকো চলচ্চিত্রের জন্য তিনি অ্যাকুইস্টিক গিটার বাজান। ২০১২ সালের গোল্ডেন গডস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তিনি ম্যারিলিন ম্যানসনের সঙ্গে বাজিয়েছেন। এ ছাড়া তিনি আরও অনেক দলের সঙ্গে গিটার বাজিয়েছেন। গানের ভিডিওতেও তাঁকে দেখা গেছে। সর্বশেষ তাঁকে দেখা যায় পল ম্যাকার্টনির ‘মাই ভ্যালেন্টাইন’ শীর্ষক গানের ভিডিওতে।ভবিষ্যতে জনি ডেপ কোনো গানের অ্যালবাম বের করে সবাইকে অবাক করে দেন কি না কে জানে!মনোয়ারুল হক