গিটারে ব্রাজিলের ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিটারে মগ্ন আরনাল্ডো ফ্রেইরে। ছবি: সাহাদাত পারভেজ
গিটারে মগ্ন আরনাল্ডো ফ্রেইরে। ছবি: সাহাদাত পারভেজ

আরনাল্ডো ফ্রেইরে ব্রাজিলের একজন স্বনামধন্য গিটারিস্ট এবং কম্পোজার। ২৪ সেপ্টেম্বর তিনি এসেছিলেন বাংলাদেশে। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেসে বাংলাদেশের গিটার শিক্ষার্থীদের সঙ্গে তিনি কাটালেন চমৎকার কিছু সময়। ব্রাজিল দূতাবাস ও আলিয়ঁস ফ্রঁসেসের আমন্ত্রণেই তাঁর ঢাকায় আসা। গিটারবাদন শেষে তাঁর সঙ্গে হলো কথোপকথন।

কেমন লাগছে বাংলাদেশ?

দারুণ অভিজ্ঞতা! আমি ব্রাজিল দূতাবাস ও আলিয়ঁস ফ্রঁসেস আয়োজিত দুটো কনসার্টে অংশ নিয়েছি। আলিয়ঁসে এখানকার শিক্ষার্থীরা আমাকে গিটার বাজিয়ে শোনাল। ওরা আমাকে শোনাবার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিল। গিটারের নানা কৌশল আমরা শিখেছি একসঙ্গে।

বাংলাদেশে কী করে আসা হলো?

ফেসবুকের মাধ্যমেই প্রথম যোগাযোগ। আবিদুর রহমান নামে ফেসবুকে আমার এক বন্ধু আছেন। তিনিই আমাকে তোমার নম্বরটা দেন। ফেসবুকে কিছু ভিডিও দিয়েছিলে তোমরা। চারজন তরুণ শিক্ষার্থী চাইকোভস্কির ‘ওয়ালজ অব দ্য ফ্লাওয়ার’ বাজিয়েছিল। সেই বাদন আমাকে দারুণভাবে আকর্ষণ করেছিল। তখন আমি এই শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার প্রতি আগ্রহী হলাম।

আবার আপনি বাংলাদেশে আসবেন বলে জেনেছি। তখন কী করবেন?

আমরা ব্রাজিল দূতাবাসের সহায়তায় একটা ব্রাজিলীয় সংগীত উৎসব করার কথা ভাবছি। আগামীবার একজন সংগীতশিল্পীও আসবেন। আমি নিজেও এখানকার শিক্ষার্থীদের জন্য নতুন কিছু তৈরি করে নিয়ে আসব। আমি সেবার চট্টগ্রামেও গিটার বাজাতে যেতে চাই।

আপনি তো এখন বিশ্বভ্রমণে বেরিয়েছেন। কোন দেশগুলোয় গেছেন?

আমি শুরু করেছি মেক্সিকো থেকে। এরপর পোল্যান্ড, হংকং হয়ে ঢাকায় এসেছি। এখান থেকে নেপাল, ইউক্রেন হয়ে আবার পোল্যান্ড যাব।

সাম্বা কিংবা বাসানোভা আপনারা কীভাবে ছড়িয়ে দেন?

ইয়োরোপের মতোই। সংগীত কনসারভেটরি আছে আমাদের। সেখানেই বাখ, বিটোফেন, মোৎসার্ট এবং অন্যান্য ইয়োরোপীয় কম্পোজারদের নিয়ে কাজ হয়। বিগত ২০ বছরে ব্রাজিলীয় কম্পোজাররাও দারুণ কাজ করছেন। আমরা ইয়োরোপীয় ও আমাদের দুই স্টাইলের মিশ্রণ করেছি। এখন তো সাম্বা আর বাসা নোভা অসংখ্য শিল্পীরচর্চার অংশ হয়ে গেছে।

আমাদের দেশের গিটারশিল্পীরা কীভাবে নিজেদের শৈলীর উত্তরণ ঘটাবে?

বেশি বেশি কনসার্ট করবে, সিডি বের করবে। কারণ, মানুষের জন্যই সংগীত বা শিল্প।

বাংলাদেশ ও ব্রাজিলের শিক্ষার্থীরা একসঙ্গে কিছু করতে পারে না?

অবশ্যই পারে। কিন্তু সে জন্য স্পনসর দরকার। ব্রাজিল বহু দূরের দেশ। বিমানের টিকিটের দামও অনেক। কিন্তু আমরা সেটা ভাবতেই পারি।

আমাদের শিক্ষার্থীদের মান কেমন দেখলেন?

খুব ভালো। ওরা শিক্ষার্থী, কিন্তু ওদের যথেষ্ট পেশাদার বলে মনে হলো। আমার তৈরি ‘ইকো’স ফ্রম ঢাকা’ ওরা শোনাল আমায়। ২৭ সেপ্টেম্বর সেটা ওরা আমাকে শোনাল। দারুণ ছিল তা।