
ঠিক সময়ে অনুষ্ঠান শুরু হওয়ার উদহারণ রাজধানীতে খুব কম আছে। তবে চাইলেই এটা যে সম্ভব তার প্রমাণ মিলল গতকাল সন্ধ্যায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। সেখানে মানব শিল্প-সাহিত্য-সংস্কৃতি গোষ্ঠীর উদ্যোগে ১৫৩তম ররীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘শ্রদ্ধাঞ্জলি: সুন্দর হে সুন্দর’ শীর্ষক ‘হাওয়াইয়ান গিটার রেহানা বাদনসন্ধ্যা’ অনুষ্ঠিত হলো। সংগঠনটি চতুর্থবারের মতো শিল্পী রেহানা মতলুবের একক বাদন অনুষ্ঠানের আয়োজন করল।
নির্ধারিত সময়ে কোনো ঘোষণা ছাড়াই শুরু হয়ে যায় অনুষ্ঠান। তবে শুরুর পরিবেশনাটি ছিল ভিন্ন। মিলনায়তন ভর্তি দর্শকের উপস্থিতিতে সূচনা সংগীত ‘এসো বন্ধু এসো তোমার সফল বৈভবে’ পরিবেশন করেন আলী পুষ্পিতা। এর পরে তিনি কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করেন ‘থমকে দাঁড়ায় গাছের পাতা চমকে তাকায় মেঘ’। এরপর উপস্থাপক সৈয়দা রাজিয়া বেগম দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আহ্বান জানান আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা-সম্পাদক অধ্যাপক মতলুব আলীকে। তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর শুরু হয় মূল আয়োজন। রেহানা মতলুবের বাম হাতের স্টিলবার ও ডান হাতের পিকসের স্পর্শে হাওয়াইয়ান গিটারে সুরের ইন্দ্রজাল সৃষ্টি করে শ্রোতৃমণ্ডলীকে আবিষ্ট করেন। অনুষ্ঠানে কবিগুরুর ১৬টি গানের সুর বাজিয়ে শোনান এই গুণী শিল্পী। তাঁর পরিবেশনায় ছিল ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’, ‘ও আমার দেশের মাটি’, ‘ওহে সুন্দর, মরি মরি’, ‘আমার মল্ল্ল্লিকা বনে’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘কান্নাহাসির দোল দোলানো’, ‘বঁধু কোন আলো লাগল চোখে’, ‘হে নূতন, দেখা দিক আর-বার’ এসব।
অনুষ্ঠানে শিল্পীকে সহযোগিতা করেন অ্যাকুয়াস্টিক গিটারে তৌহিদুল আলম খান, এসরাজে রাশিদুল গণি, কি-বোর্ডে প্রবাল বর্মণ, তবলায় সুব্রত কুমার মোদক ও অক্টোপ্যাডে রাশিদুল হাসান।