গিটারের স্বর্গরাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিটা​র সেন্টারে বাপ্পা মজুমদার
গিটা​র সেন্টারে বাপ্পা মজুমদার

গান গাওয়ার জন্য আমাকে প্রায়ই যুক্তরাষ্ট্রে যেতে হয়। যখনই যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ পাই, তখনই চোখের সামনে ভেসে ওঠে গিটার সেন্টার। মিউজিশিয়ানদের জন্য এক স্বর্গরাজ্য! মনের ভেতরটা উসখুস করতে থাকে, কখন যাব সেখানে?

গিটার সেন্টার তো অনেক জায়গায় আছে। আমি সব কটিতেই যাওয়ার চেষ্টা করেছি। তবে আলাদা করে যদি বলতে হয়, তাহলে বলব, ৭৪২৫ সানসেট বুলেভার্ড, পশ্চিম হলিউড, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র ঠিকানার গিটার সেন্টারের কথা। মাত্র কদিন আগেই ঘুরে এলাম সেখান থেকে। সেখানে আমার সব প্রিয় শিল্পীর হাতের ছাপ দেখে মুগ্ধ না হয়ে পারিনি। সেসব হাতের ছাপের ওপর হাত রেখেছি। তখন মনে হয়েছে, যেন ওই শিল্পীর সঙ্গেই হাত মেলাচ্ছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এই গিটার সেন্টারে আসেননি, যুক্তরাষ্ট্রে এমন মিউজিশিয়ান খুঁজে পাওয়া যাবে না। যাঁরা বাইরে থেকে যুক্তরাষ্ট্রে যান, তাঁরাও একবার যান সেখানে।

আসুন এবার গিটার সেন্টারের অভিজ্ঞতার কথা বলি। প্রথম যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলাম ২০০৫ সালে। তখন জানতে পারলাম, মিউজিশিয়ানদের জন্য এক স্বর্গ আছে, যার নাম ‘গিটার সেন্টার’, যেখানে না গেলে পুরো সফরই জলে যাবে।

আমার প্রথম গিটার সেন্টারের অভিজ্ঞতা হলো নিউইয়র্কের নর্দান ব্লু বার্ডে। পরে ওখান থেকে কিনেছিলাম ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার গিটারটা। ওটাই এখন বেশি বাজাই। তবে যুক্তরাষ্ট্র থেকে প্রথম কিনেছিলাম টাকা মাইন অ্যাকুস্টিক গিটার। ওটা কিনেছিলাম কানেটিকাটের গিটার সেন্টার থেকে।

আমরা যারা সংগীতের সঙ্গে আছি, তাদের কাছে এক স্বর্গরাজ্য এই গিটার সেন্টার। ঢুকতেই থরে থরে সাজানো আছে নানা ধরনের গিটার, কি-বোর্ড, ড্রামস, বেস। মনটা এক নিমেষেই এলোমেলো হয়ে যায়। অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি কাজ করেছে তখন।

ইলেকট্রিক গিটারের জন্য রয়েছে আলাদা জায়গা। এখানে আছে নানা ব্র্যান্ডের গিটার। তার পাশেই নানা ধরনের আম্প, পছন্দের গিটারটা নিয়ে চলে যাই পছন্দের আম্পটির কাছে। গিটার সেন্টারের বিক্রয়কর্মীরা আশপাশেই ছিলেন। তাঁরা এসে সহযোগিতা করলেন। আমার হাতে এগিয়ে দিলেন কেব্‌ল। এবার যত খুশি বাজান, কোনো নিষেধ নেই। কেউ মানা করবে না। যদি কিনতে না চান, তাতেও কোনো সমস্যা নেই।

পাশেই আরেক ঘরজুড়ে দেখি নানা ধরনের অ্যাকুস্টিক গিটার। মাথা খারাপ হওয়ার জোগাড় আরকি! পুরো ঘরটা কাঠ দিয়ে বিশেষভাবে বানানো হয়েছে। পরে জানতে পালাম, অ্যাকুস্টিক গিটারের গুণ আর মান ঠিক রাখার জন্যই এমনটা করা হয়েছে। আরেক দিকের একটা বিশাল ঘরজুড়ে সারি সারি রাখা আছে বেস গিটার।

অন্যদিকে যাবতীয় সিনথাসাইজার আর ইলেকট্রনিকস যন্ত্রপাতি। পাশেই পিয়ানো। অন্তত ৮ থেকে ১০টা, কোনটা চাই? আরেক অংশজুড়ে শুধুই রিদম সেকশন। ড্রামস আর আনুষঙ্গিক বাদ্যযন্ত্রের ছড়াছড়ি। নানা রকমের সব রিদম ইনস্ট্রুমেন্ট। সে এক এলাহি কাণ্ড!

যাঁরা গান করতে ভালবাসেন, তাঁরা নির্ঘাত এমন একটি জায়গার প্রেমে পড়ে যাবেন। গিটার সেন্টার আমার কাছে একটা খুব প্রিয় নাম। আর তাই দেশের বাইরে কখনো যাওয়া হলে আর কিছু না হোক গিটার সেন্টারে একবার অন্তত যেতে হবেই।

যদি আপনার সুযোগ থাকে, তাহলে একবার দেখে আসতে পারেন গিটার সেন্টারের কোনো একটি স্টোর। আর যা-ই হোক, অন্তত খারাপ লাগবে না।