গিনেজে রবীন্দ্রনৃত্যনাট্য
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি কোথাও আছে? অনুসন্ধান করে দেখা গেল, নেই। তবে অচিরেই হয়তো দুনিয়ার সবচেয়ে নামজাদা এবং বড় এই রেকর্ডে নাম উঠতে যাচ্ছে রবিঠাকুরের নামটি! এতে নাম ওঠানোর পেছনে অবদান রাখলেন বিশ্বের ছয়টি দেশের ১২৫ জন নৃত্যশিল্পী। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের পূজা সেনগুপ্ত।১ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের রবীন্দ্রভারতী অডিটোরিয়ামে বসেছিল এক আন্তর্জাতিক নৃত্য উৎসব। সে উৎসব চলেছে টানা ২৫ ঘণ্টা! ১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় শুরু হয়ে উৎসব শেষ হয়েছে পরদিন সন্ধ্যা ছয়টায়। সে সময় ১২টি ভাষায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথের ১৫০টি গান, তার সঙ্গে নৃত্য। এ ছাড়া সাতটি ভিন্ন ভিন্ন শাস্ত্রীয় ধারায় নৃত্যনাট্যও পরিবেশন করেন শিল্পীরা। সেগুলোর মধ্যে ছিল শ্যামা, চিত্রাঙ্গদা, চন্ডালিকা ও ভানুসিংহের পদাবলীর মতো নৃত্যনাট্য। উৎসবের আয়োজক ছিল ভারতের অন্ধ্র প্রদেশের স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড শিল্পারামাম, সাউথ জোন কালচারাল সেন্টার, থানজোরে এবং নাগপুর, সাউথ সেন্ট্রাল জোন কালচারাল সেন্টার এবং হায়দরাবাদের সোনালি অ্যাকাডেমি অব ফাইন আর্টস। উৎসবের পুরোটা প্রত্যক্ষ করেছে গিনেজ কর্তৃপক্ষ। এর আগে এমন আয়োজন বসেছিল ফ্রান্সে; সেটির স্থায়িত্ব ছিল ২৪ ঘণ্টা। তাই আশা করা হচ্ছে, অচিরেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে লেখা হবে নতুন এই রেকর্ড।কবিগুরু রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী সামনে রেখেই আয়োজন করা হয়েছিল এ উৎসব। ভারত বাদে অংশগ্রহণকারী আরও পাঁচটি দেশের প্রতিনিধিদের মধ্যে সেখানে ছিলেন শ্রীলঙ্কার চাঁদনী কাস্তুরিয়ারাচ্চি ও বুদ্ধি এডিরাইসিংহে, জার্মানির অ্যাঞ্জেলা সোফিয়া স্টেরজার, জাপানের হিমালি অ্যামেমিয়া, ফ্রান্সের সওজি এবং বাংলাদেশের পূজা সেনগুপ্ত। এ ছাড়া বিশ্বভারতীসহ ভারতের মণিপুর, আসাম, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা—এই পাঁচটি প্রদেশের সাংস্কৃতিক প্রতিনিধিরাও অংশ নেন সেখানে। শ্রীলঙ্কার চাঁদনী পরিবেশন করেন ‘দারুণ অগ্নি বাণে রে’, ‘বধু কোন আলো লাগলো চোখে’ পরিবেশন করেন বাংলাদেশের পূজা সেনগুপ্ত, জার্মানির অ্যাঞ্জেলা নেচেছেন ‘ছায়া ঘনাইছে’ গানটির তালে তালে; ব্যালে নৃত্যের ধারায়! আর জাপানের হিমালির পরিবেশনা ছিল ‘যদি তারে নাই চিনি গো’। সব কটি নৃত্যের কোরিওগ্রাফার ছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের সাবেক অধ্যক্ষ কে জিতেন্দ্র সিং। উৎসবের পরিচালক ছিলেন সোনালি আচার্য্য।ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের বৃত্তি নিয়ে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন বাংলাদেশের পূজা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে শেষ করেছেন স্নাতকোত্তর। রবীন্দ্রনাথের সৃষ্টিকে উপজীব্য করে এমন এক উৎসেব যুক্ত হতে পেরে ভাগ্যবান মানছেন নিজেকে, ‘খুব ভালো লাগছে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এমন আয়োজনে অংশ নিতে পারলাম বলে। বিশেষ করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে আমাদের কীর্তি ঠাঁই পেতে যাচ্ছে, এটাও একটা বড় আনন্দের উপলক্ষ।’