গিমে অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন সমরজিৎ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিল্পী সমরজিৎ রায়ের হিন্দি গানের অ্যালবাম তেরা তসব্বুর ভারতের গিমে অ্যাওয়ার্ডে (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডস) মনোনয়ন পেয়েছে। ‘পপুলার মিউজিক অ্যালবাম’ বিভাগে সমরজিৎ রায়ের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন আকৃতি কাকর (আকৃতি), অঙ্কুর তেওয়ারি (জান্নাত), কবিতা শেঠ (কবিরানা সুফিয়ানা), বিন্দু সুব্রামনিয়াম (সুরেন্দর) ও স্টেরিও নেশন (টুইস্ট অ্যান্ড শাউট)। পুরোপুরি গানের এই প্রতিযোগিতায় রয়েছে মোট ২১টি বিভাগ। সমরজিৎ রায় এখন দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে শিক্ষকতা করছেন। ভারতের মিস্টিকা মিউজিক প্রতিষ্ঠান থেকে ২০১০ সালে তাঁর অ্যালবাম তেরা তসব্বুর প্রকাশিত হয়। দিল্লি থেকে গতকাল শুক্রবার দুপুরে মুঠোফোনে সমরজিৎ রায় বলেন, ‘গত বছর এই বিভাগে পুরস্কার পেয়েছিলেন ভারতের সুফি গানের শিল্পী কৈলাশ খের। এটি নিঃসন্দেহে আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’ সেপ্টেম্বর মাসে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে।