বয়স তাঁর ৮৪ বছর। কিন্তু কথাবার্তা, চালচলন কিশোরীর মতো সহজ-সরল। যখনই লবি থেকে ফোন করে সাক্ষাৎকারের জন্য সময় চাইলাম, তিনি তখনই বললেন, ‘এখনই চলে আসো মা।’ এরপর প্রথম সম্ভাষণেই আপন করে নিলেন আমাকে। গতবার যখন এসেছিলেন ঢাকা ক্লাবে একটি অনুষ্ঠানে, সেখানেই দেখা হয়েছিল। সেবার অনুষ্ঠানের ঠিক আগে বলে খানিকটা বিক্ষিপ্ত ছিলেন। এবার ছিলেন খোশমেজাজেই। দেখা হতেই বললেন, ‘আমি তোকে কোথায় দেখেছি বলতো?’ বললাম, এমন প্রখর স্মৃতিশক্তি আপনার! এখনো মনে রেখেছেন!বেনারস ঘরানার এই জীবন্ত কিংবদন্তির সঙ্গে দীর্ঘ কথা বলার সুযোগ হলো।আপনার সংগীতের শখ তো বাবার কাছ থেকেই শুরু হয়। আমাদের কথা যখন শুরু হলো অমনি বললেন, ‘আমার বাবা রামোদিত্ত রাই তো জমিদার ছিলেন। গানের ভীষণ শখ ছিল। সব বিখ্যাত গাইয়েদের গান শুনতেন। স্বর সম্পর্কে ধারণা খুব ভালো ছিল বাবার। তাঁর ইচ্ছাতেই আমার পাঁচ বছর বয়সে সংগীত শিক্ষা শুরু হয়। স্বর্গীয় পণ্ডিত সারজু প্রসাদ মিথের কাছেই বাবা আমায় নিয়ে যান। তিনি সারেঙ্গী বাজাতেন আর গান করতেন। যেমন বড়ে গোলাম আলী খাঁ সারেঙ্গী বাজাতেন আর গাইতেন, তিনিও তেমনি ছিলেন।’আগে তো সবাই আগে সারেঙ্গী শিখে তারপর গান শিখতেন—এর প্রভাব কি গানে ইতিবাচক ভাবে পড়ে?‘হ্যাঁ ভীষণ ভালো প্রভাব পড়ে গানে। স্বর্গীয় প্রসাদ মিত্রের কাছেই ১০ বছর শিখেছি। আমার যখন ১৫ বছর বয়স, তখন তাঁর মৃত্যু হয়। আমি তাঁকে দাদাগুরু বলতাম। কেননা, আমার বাবাও তাঁর কাছে শিখেছিলেন। তারপর বিয়ে হয়ে গেল আমার। এরপর স্বর্গীয় শ্রীচন্দ্র মিত্রের কাছে শেখা শুরু করি। তিনি পণ্ডিত বিরজু মহারাজজির শ্বশুর ছিলেন। আমার বড় গুরুর বোনের সঙ্গে তাঁর বিয়ে আমিই পছন্দ করে করিয়েছিলাম। এ জন্য সে আমাকে খুব শ্রদ্ধা করে।’উচ্চাঙ্গসংগীত উৎসবে আপনার আর পণ্ডিত বিরজু মহারাজের যুগলবন্দী অবিস্মরণীয় ছিল। হ্যাঁ, ভারতেও এ রকম আমরা একসঙ্গে করিনি। ঢাকায় রবি মাথুর সাহেব বিশেষভাবে বলাতে আমরা পারফর্ম করলাম। আর সেদিন বিরজু ভাইয়ের শরীর খারাপ ছিল তবুও আমরা শুধু বাংলাদেশের জন্য করলাম।স্বর্গীয় শ্রীচন্দ্র মিশ্রের কাছেই কি ঠুমরি, দাদরা, কাজরির তালিম পেয়েছেন?‘আমি শ্রীচন্দ্র মিত্র গুরুজির কাছে ৪০ বছর শিখেছি। তাঁর কাছে মূলত খেয়ালের তালিমই হয়েছে। কিন্তু দাদাগুরুই আমাকে ঠুমরি নিয়ে বলেছিলেন। পরবর্তী সময়ে আমি ঠুমরি নিয়ে রিসার্চ করেছি। শব্দকে কেমন করে স্বরের ওপর প্রয়োগ করা যায়, তা নিয়ে। এটা এমনভাবে প্রয়োগ করতে হবে, যেন তা চিত্রকল্পের মতো ভেসে ওঠে চোখে। যেমন, গানের কথা যদি হয়, ‘দিব না কিন্তু যাও’—সেই ভাবটা কেমন করে বলব? ঠুমরিতে আমার বেশি মন ছিল, তাই আমি অনেক রিসার্চ করেছি। ঠুমরিতে সাহিত্যের প্রয়োগ নিয়ে ভেবেছি। এগুলো তোমাকে আমার গেয়ে শোনাতে হবে। তোমরা শেখো, কর্মশালার ব্যবস্থা করো, তখন আমি এসে আরও বিস্তারিত বলব।’আপনার খেয়ালের মধ্যে যে গভীরতা আছে...।‘দেখো, খেয়ালই হোক, ঠুমরি হোক—পরিমিতি বোধটা থাকতে হবে। তুমি যদি সারাক্ষণই তালই করতে থাকো তাহলে সৌন্দর্য নষ্ট হয়। সবকিছুর একটা সীমা আছে, তা অতিক্রম করলে পুনরাবৃত্তি হতে থাকে।’এই বয়সে আপনি যে স্বর লাগান, একদম অসাধারণ! এই বয়সে তা অন্যদের দেখা যায় না।‘রাত সাড়ে তিনটায় ঘুম থেকে উঠে স্নান করে চারটা থেকে ছয়টা পর্যন্ত স্বরের খোঁজে রেওয়াজ করতাম। যেন সমুদ্রের অতলে স্বরের খোঁজে যেতে চাই। শুধু আমি না, বিলায়েত খাঁ ভাইসহ অন্যরাও একই খোঁজে জীবন কাটিয়েছেন। তুমি গাড়ি চালাচ্ছ কিন্তু স্টিয়ারিং যদি ঠিক না থাকে তাহলে কত দূর যেতে পারবে?’নতুনদের গানে সেই স্থিরতা কম হচ্ছে...।‘হ্যাঁ। একদম ঠিক। কারণ, অস্থিরতা। তারা মনে করে, তাড়াতাড়ি গুরুর কাছে শিখব আর কখন স্টেজে বসব। সবকিছু তাই আয়ত্তে আসছে না। তোমরা এখানে সরকারকে বলো, যারা বড় ব্যবসায়ী আছে, তাদের বলো, যেন উচ্চাঙ্গসংগীতের কর্মশালা করা হয়। যে ঘরানার যে ভালো দিকটা আছে, তা কর্মশালার মাধ্যমে তুলে ধরলে নতুন প্রজন্ম জানতে পারবে।’ঠুমরি হারিয়ে যাচ্ছে—এ নিয়ে আপনার ভাবনা জানতে চাই।‘হ্যাঁ, ঠিকই বলেছ। যেমন ‘বাসরিয়া ক্যায়মি বাজাই শ্যাম’ কেউ কেউ শুধু ‘বাসরিয়া বাসরিয়া’ করতে করতে শেষ করে। তখন শ্রোতাদের মন তৃপ্ত হয় না। কে বাজাল কীভাবে বাজাল ঠুমরির ক্ষেত্রে—এসব ভাবনা নিয়ে আমি গবেষণা করেছি। এখানে কবিতার মুডটা যথাযথভাবে প্রকাশ করতে হবে।’বেঙ্গল-আইটিসি-এসআরএ উৎসব নিয়ে অভিজ্ঞতা কেমন হলো?‘বাংলাদেশের এই উৎসব খুব ভালো লেগেছে। এখানকার লোক অনেক ভালোবাসতে জানে। তবে এই উৎসব পরের বার করলে এত শিল্পী থাকলে চলবে না। যারাই গাইবে ভালো করে বেশি সময় ধরে গাইবার সুযোগ দিতে হবে। বাংলাদেশের শিল্পীদের সুযোগ দিতে হবে তা রবীন্দ্র, নজরুল বা লালনই হোক—সুযোগ দিতে হবে।নতুন অনেক সম্ভাবনাময় শিষ্য আপনার আছে তারা কেমন করছে।‘হ্যাঁ, অনেক ভালো ভালো ছেলেমেয়ে পাই, তারা শিখতেও চায় কিন্তু জীবনযুদ্ধের কারণে চাকরি করতে হয়। তখন তাদের জন্য সাধনা করাটা কঠিন হয়ে পড়ে।’