
তাঁদের চেনেন আপনি। আপনি তারকাদের সম্পর্কে জানেনও, কিন্তু ঠিক কতটা জানেন? আপনার প্রিয় তারকা সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের পত্রিকায় প্রথম ছবি ছাপা হয় ১৯৯২ সালে, যখন তিনি একেবারেই সাধারণ একজন। ইন্টারমিডিয়েট পরীক্ষায় বড় ভাই ফার্স্ট স্ট্যান্ড করার সুবাদে পত্রিকায় প্রকাশিত পারিবারিক ছবিতে প্রথমবারের মতো দেখা গেল তাঁকে।
মাত্র নয়-দশ বছর বয়সেই দেশের নামকরা সব ব্যান্ড দলের কনসার্ট সামনে থেকে দেখার সুযোগ ঘটে তাঁর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কনসার্টগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য ঘটে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মায়ের সৌজন্যে।
কাকতালীয়ভাবে মাত্র তিন দিনের ব্যবধানে একই হাসপাতালে একই চিকিৎসকের তত্ত্বাবধানে জন্মগ্রহণ করেন সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী তাহসান ও হাবীব, যা তাঁরা নিজেরা জেনেছেন বড় হওয়ার পর।
ছোটবেলায় শিশু একাডেমীতে একই সঙ্গে গান শিখতেন সংগীতশিল্পী আনিলা ও তাহসান। ছোট্ট সেই ক্লাসমেটকে তাহসান আবার খুঁজে পান বড় হয়ে, যখন গানের জগতে দুজনই দারুণ প্রতিষ্ঠিত। সংগীতকে পেশা হিসেবে নেওয়ার আগে তাহসান ছিলেন একটি বহুজাতিক কোম্পানির বড় কর্মকর্তা। গানের জন্য চাকরিকে বিদায় না জানালে একজন সফল করপোরেট হিসেবেই এখন দেখা যেত তাঁকে।
তারকারাও কখনো কখনো ফ্যান বনে যান, বিখ্যাত গায়ক ডেভিড গিলমোরের অটোগ্রাফ নিতে গিয়ে প্রচণ্ড তুষারের মধ্যে টুর বাসের সামনে দাঁড়িয়ে থেকেছেন তাহসান। কিন্তু দুর্ভাগ্য, খালি হাতেই ফিরতে হয়েছে আমাদের দেশের জনপ্রিয় এ তারকাকে। বিজ্ঞাপনের জন্য দারুণ জনপ্রিয় কিছু জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাহসান। কিন্তু আপনি জানেন কি, জীবনের প্রথম জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার পর তাহসান আর জিঙ্গেলে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
আপনি জেনে রাখুন, তাহসানের ‘ব্ল্যাক’ ব্যান্ডের নবযাত্রায় একমাত্র সেলিব্রিটি প্রমোটর ছিলেন পপসম্রাট আজম খান? ব্যান্ডের গায়কিতে মুগ্ধ আজম খান ‘ব্ল্যাক’-এর পথচলায় অনুপ্রেরণা জুগিয়ে গেছেন ক্রমাগত।
গ্রন্থনা: আবদুল ওয়াজেদ