
কদিন বাদেই বিদায় নেবে শরৎ। গানে গানে ঋতুটিকে উদ্যাপন করতে বাধা কী তাতে? চারুকলার বকুলতলায় বসল তাই নৃত্য-গীতের মেলা। ভোর হতেই সম্মেলক কণ্ঠে বেজে উঠল রবীন্দ্রনাথের ‘বিশ্ববীণারবে’ গানটি।
গতকাল শুক্রবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ছিল ছায়ানটের শরৎ উৎসব। তাতে একক ও সম্মিলিত কণ্ঠে গান শোনান ছায়ানটের শিল্পীরা। সম্মিলিত কণ্ঠে শিশুশিল্পীরা গেয়েছে ‘শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি’, বড়দের দলটি গেয়েছে ‘আমার নয়ন-ভুলানো এলে’ গানটি। সম্মেলক কণ্ঠে ‘ওগো শেফালিবনের’, ‘আনন্দেরই সাগর হতে’ ও ‘আজ ধানের ক্ষেতে’ গানের সঙ্গে নাচ করেছে ছোট ও বড়দের নাচের দল।
শরতের এই অনুষ্ঠানে কৌশিক সাহা ও মন্দ্রিতা বিশ্বাস দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন ‘তোমার মোহন রূপে কে রয় ভুলে’ গানটি। এ ছাড়া একক কণ্ঠে গান করেছেন বেশ কয়েকজন শিল্পী। মাকছুরা আখতার শোনান ‘অমল ধবল পালে লেগেছে’, রাইয়্যান বিনতে হাবীব ‘আমারে ডাক দিল কে’, দীপাঞ্জন মুখার্জী ‘হৃদয়ে ছিলে জেগে’, সুতপা সাহা ‘কোন্ খেলা যে খেলব কখন্’, সুদীপ সরকার ‘আমি চিনি গো চিনি তোমারে’, শ্রাবন্তী শোভনা ‘তোমরা যা বলো তাই বলো’, সৈকত মুখার্জী ‘কেন আমায় পাগল করে যাস’, সেমন্তি মঞ্জরী ‘কোন্ খেপা শ্রাবণ’, মানস ভট্টাচার্য ‘আমার রাত পোহালো’, সেঁজুতি বড়ুয়া ‘মেঘ কেটে গেছে’ গানগুলো গেয়ে শোনান। জাতীয় সংগীত দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।