গীত হলো আহাদের সুর করা গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সুরস্রষ্টা আবদুল আহাদ স্মারক বক্তৃতা ও সংগীত অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সুরস্রষ্টা আবদুল আহাদ স্মারক বক্তৃতা ও সংগীত অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

‘তোমার কাজল কেশ ছড়াল’, ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’, ‘আমি সাগরের নীল’, ‘হাতের কাঁকন খুলে ফেলেছি’—জনপ্রিয় এসব গানের সুরকার আবদুল আহাদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গানগুলো গাওয়া হলো জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। এ রকম অসংখ্য গানে সুর দিয়েছেন তিনি। আগামীকাল আধুনিক বাংলা গানের এই সুরকার, সংগীত পরিচালক, সংগঠক ও গায়কের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল একটি স্মারক বক্তৃতা ও সংগীতসন্ধ্যার আয়োজন করেছিল মাহমুদা খাতুন, আবদুল আহাদ ও হামিদা খানম স্মৃতি পরিষদ। গত বছর এই পরিষদ গঠিত হওয়ার পর আবদুল আহাদকে নিয়ে আরও একটি স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত শোনান সাজেদ আকবর ও রোকাইয়া হাসিনা। আবদুল আহাদের সুর করা গানগুলো শোনান সুজিত মোস্তফা, ইয়াসমিন মুসতারী ও ঝর্ণা রহমান। সমবেত কণ্ঠে ‘সন্ত্রাসেরও বিহ্বলতা’ এবং ‘আমার দেশের মাটির গন্ধে’ গান দুটি পরিবেশন করে অভ্যুদয় সংগীত অঙ্গন। এ ছাড়া পরিষদের শিল্পীরা রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান আবৃত্তি করে শোনান।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এমন রুচিশীল সংস্কৃতি সংগঠকের সান্নিধ্য পাওয়ায় নিজেকে ধন্য মনে করি। জাতীয় সংস্কৃতি গঠনে তাঁর অবদানের কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি করুণাময় গোস্বামী। মিলনায়তনের বাইরে আবদুল আহাদের লেখা কয়েকটি বই ও গানের সিডি প্রদর্শন করা হয়। স্বাধীন বাংলাদেশে রবীন্দ্রসংগীত প্রসারে কাজ করে গেছেন আবদুল আহাদ। স্পেন সরকারের বৃত্তি নিয়ে ১৯৫৬ সালে স্প্যানিশ সংগীতে অভিজ্ঞতা অর্জনে মাদ্রিদ যান তিনি। ফিরে এসে আধুনিক বাংলা গানের সুরে যোগ করেন ভিন্ন মাত্রা।