
অন্ধকার ঘর। ঈষৎ আলো ছড়ানো। তানপুরার গোঙানির সঙ্গে মিহি সুরে ক্রমশ স্পষ্ট হতে থাকে একটি দেহকাঠামো, পরনে শ্বেতশুভ্র বসন। ধীরে ধীরে পাখা মেলে ওই শব্দেরা—
‘শিল্পের অমৃত কুহক
ডেকেছিল একদিন
রূপ আর কথকতার অদৃশ্যলোকে।
আমিও একদিন আমার চরিত্রগুলোর
হাসন কাঁদন নিয়ে
ঝড়ে জলে নেচেছিলাম।
ছুটে গিয়েছিলাম সেই সব
চরিত্রের পায়ে পায়ে।
যতদূর তারা গেছে অশ্রুমতী
ঘুঙুর বাজিয়ে...’
সেলিম আল দীনের এই সব হিরণ্ময় কথাকাব্য বলতে বলতে অতঃপর ছায়াশরীর উদ্ভাসিত হয় পরিপূর্ণ রূপে। উদ্ভাসিত হয় সেই ঈষৎ আলো ছড়ানো অন্ধকার ঘরে। কিন্তু কে এই ছায়াশরীরী অবয়ব? তিনি শিমূল ইউসুফ। আমাদের মনে পড়ে, বাংলা নাগরিক নাট্যমঞ্চের প্রথম নারী অভিনয়শিল্পী শ্রীমতি বিনোদিনী দাসীর প্রতি সম্মান জানিয়ে ঢাকা থিয়েটারের বিনোদনী নামের নাটকে একক অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে মেলে ধরেন মাত্র কয়েক বছর আগে। শত রজনী পেরিয়ে নাটকটি এখন ক্রমশ সামনের দিকে ধাবমান। আচ্ছা, হঠাৎই শিমূল ইউসুফকে নিয়ে আলাপ কেন? একালের ‘মঞ্চকুসুম’ অভিধায় সিক্ত শিমূল এখন ৬০ বছরের দ্বারপ্রান্তে। ২১ মার্চ তাঁর ৬০তম জন্মদিন। একজন মানুষের জীবনে ৬০ বছর তো কম সময় নয়। তা ছাড়া, শিমূলের শিল্পযাত্রার বয়সও নেহাত কম নয়। জন্ম ১৯৫৭ সালের ২১ মার্চ। মঞ্চাভিনয়ের শুরু মাত্র পাঁচ বছর বয়সে। শিল্পী হিসেবে শৈশবেই পেয়েছিলেন ‘প্রেসিডেন্ট পদক’। তারপর নানা ভাঙা-গড়ার মধ্য দিয়ে, বিচিত্র ‘চরিত্রগুলোর হাসন কাঁদন নিয়ে’ চলতে চলতে আজ তো তিনি নিজেই ইতিহাস। তাঁর একার ভেতরে কত চরিত্রের কলরব—ডালিমন, চুক্কুনি, কালিন্দী, সুকি, বিনোদিনী; কখনো-বা বর্ণনাকারী চরিত্রে অননুকরণীয় এবং অপ্রতিদ্বন্দ্বী তিনি!
না, এই ‘অপ্রতিদ্বন্দ্বী’ হওয়ার পেছনে শিমূলের লড়াইও বিস্তর। মঞ্চ তথা সংস্কৃতির ময়দানে চালিয়ে যাচ্ছেন লড়াই। সেই ‘লড়াই’ কেমন? বাঙালি তথা বাংলা সংস্কৃতির ছিন্ন সুতোকে জোড়া দেওয়ার ক্ষেত্রে অন্যতম সহায়ক শক্তি হলেন শিমূল। নাটক তাঁর মাধ্যম। আর এ তো কারও অজানা নয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বর্বরতার প্রত্যক্ষ সাক্ষী তিনি। দেশের প্রতি সুগভীর টান ঐতিহ্যের প্রতিও নিষ্ঠাবান করেছে তাঁকে। হৃদয় দিয়ে বুঝেছেন, বাহ্যিক চাকচিক্যই শিল্পসমৃদ্ধির একমাত্র মাপকাঠি নয়, সঙ্গে সঙ্গে অন্তরের বিকাশও জরুরি। ফলে তাঁর অভিনয়ে ঘটে অন্তর-বাহিরের অপূর্ব মেলবন্ধন। বলতে পারি, তাঁর অভিনয় তথা উপস্থাপনার মধ্য দিয়েই বর্ণনাত্মক বাংলা নাট্যের আধুনিক অভিনয়রীতির ব্যাকরণটি স্পষ্ট হয়ে উঠেছে।
১৯৭৪-এ যোগ দিলেন ঢাকা থিয়েটারে। তারপর থেকে দলে ক্রমশ নিজেকে অনিবার্য করে তুললেন। সংগীত ও নৃত্যের পারদর্শিতা পথ দেখাল তাঁকে। হাজার বছরের ঐতিহ্যসন্ধানী ঢাকা থিয়েটার নাট্যের গড়নে সংগীত, নৃত্য, বর্ণনা আর সংলাপের যে অদ্বৈত নিখিল সৃষ্টির স্বপ্ন দেখেছিল, শিমূল হয়ে উঠলেন তার অন্যতম অবলম্বন। ১৯৮১ সালে বাংলাদেশ গ্রাম থিয়েটার আন্দোলনেও রয়েছে তাঁর বিশেষ অবদান। ‘বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাটকের শাশ্বত সুর’ এই আকাঙ্ক্ষার পালে হাওয়া লেগেছে যাঁদের নিবিষ্ট পরিচর্যায়, শিমূল তাঁদেরও একজন। কেননা তাঁকে ঘিরে চালানো নিরীক্ষাগুলোর সাফল্য এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে।
>সেলিম আল দীন-নাসির উদ্দীন ইউসুফ প্রমুখের আরাধ্য ‘বাংলা নাট্যরীতি’র নিবিষ্ট পরীক্ষা বারবার উত্তীর্ণ হয়েছে তাঁর দেহসৌষ্ঠব অবলম্বন করেই
মুনতাসির, শকুন্তলা, কিত্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, চাকা, যৈবতী কন্যার মন, বনপাংশুল, প্রাচ্য, বিনোদিনী—এই সব নাটকে অভিনয়, সংগীত, পোশাক পরিকল্পনা ইত্যাদি নির্মিতির মাধ্যমেও নাগরিক মঞ্চে আধুনিক বর্ণনাত্মক বাংলা নাট্যের প্রায়োগিক ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন অনন্য শিল্পী।
এটি সবার জানা, সেলিম আল দীন-নাসির উদ্দীন ইউসুফ প্রমুখর আরাধ্য ‘বাংলা নাট্যরীতি’র নিবিষ্ট পরীক্ষা বারবার উত্তীর্ণ হয়েছে তাঁর দেহসৌষ্ঠব অবলম্বন করেই। কেননা, একটি নাট্যক্রিয়া শুধু নাট্যকার আর নির্দেশকের যুগল নৃত্য তো নয়, তাতে অভিনয়শিল্পীর পদচারণ আবশ্যিক শর্ত। শিমূল সেই শর্ত পূরণ করে চলেছেন বারবার। ঐতিহ্যের নির্যাস আর আধুনিক কৌশলের মন্থনে অজস্র বার পরিণত হয়েছেন উদাহরণে। নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণে ভাবীকাল তাঁকে আদর্শ মেনেই ক্রমশ নতুন দিকের উন্মোচন ঘটাবে। কারণ, সমৃদ্ধ গৌড়ের সাংস্কৃতিক বিভা ছড়ানো ইতিহাসের পথ বেয়ে, নাচে-গানে-কথায় আর ভঙ্গিমায় তিনি তো ক্রমাগত মেটাচ্ছেন আমাদের গীতরঙ্গের পিপাসা।