গীতসুধার রবীন্দ্রসন্ধ্যা
রবীন্দ্রসংগীত অনুশীলনকেন্দ্র গীতসুধার অনুষ্ঠান শুরুর আগে উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশনের মিলনায়তন মঞ্চের সামনে দাঁড়িয়ে শিল্পীদের শেষ মহড়া করাচ্ছেন সংগঠনটির পরিচালক পাপিয়া সারোয়ার। তাঁর পাশে দাঁড়িয়ে সাদি মহম্মদও একটু-আধটু দেখিয়ে দিচ্ছেন। একসময় অনুষ্ঠান শুরু হলো। পাপিয়া সারোয়ারের নেতৃত্বে সমবেতকণ্ঠে সবাই গেয়ে উঠলেন ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’। গত শনিবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে গীতসুধার আয়োজনের সূচনা হয় এভাবেই।অনুষ্ঠানে গানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রতি নৈবেদ্য নিবেদন করেছেন পাপিয়া সারোয়ার, সাদি মহম্মদ ও কিশোয়ার কামাল। তবে এর আগে গীতসুধার শিল্পীরা শুনিয়েছেন আরও বেশ কটি গান। ‘শিউলি ফুল শিউলি ফুল’ কিংবা ‘শরৎ আলোর কমল বনে’ শিল্পীদের পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল একধরনের শারদীয় উচ্ছলতা।গীতসুধার শিল্পীরা যখন তাঁদের গানগুলো পরিবেশন করছিলেন, তখন এ পর্বটির সঞ্চালক ছিলেন পাপিয়া সারোয়ার। শিল্পীদের গানের ফাঁকে ফাঁকে তাঁর টুকরো টুকরো কথা অনুষ্ঠানকে যেন ভিন্ন আলোয় আলোকিত করে তুলেছিল। একসময় পাপিয়া সারোয়ারের ডাকে অতিথি শিল্পী হিসেবে মঞ্চে আসেন সাদি মহম্মদ ও কিশোয়ার কামাল। তাঁদের গানের সঙ্গে পাপিয়া সারোয়ারের কণ্ঠে একে একে পরিবেশিত হলো আরও কয়টি গান। সন্ধ্যায় শুরু হওয়া গানের আসর যখন ভাঙল, তখন রাত। তবু শ্রোতাদের মনে রবীন্দ্রনাথের সব সুর ফিরে ফিরে আসছে বারবার।