গীতি নৃত্যনাট্যে সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখনো গীতি নৃত্যনাট্যে অংশ নিইনি। অথচ নাটকে অভিনয়ের জন্য ঠিকই এবার তা করতে হলো। আর এটা ছিল আমার জন্য রীতিমতো বেশ কষ্টদায়ক।’ কথাগুলো বললেন টিভি অভিনেতা সজল। পারভেজ আমিনের পরিচালনায় নাটকের নাম ‘মিরানা বুকস অ্যান্ড ফ্লাওয়ার’। সম্প্রতি নড়াইলে সজল ও তিশা নাটকটির শুটিংয়ে অংশ নেন। নাটকে সজলকে একজন নিবেদিতপ্রাণ থিয়েটার কর্মী হিসেবে দেখা যাবে বলে জানা গেছে। থিয়েটারের জন্য তিনি যেকোনো ধরনের কাজই করতে পারেন।সজল বলেন, ‘আগে কখনো থিয়েটার কর্মী হিসেবে অভিনয় করা হয়নি। আর গীতি নৃত্যনাট্যে অংশ নেওয়ার ব্যাপারটা তো রীতিমতো ভয়াবহ। প্রায় ছয় ঘণ্টা মহড়া শেষে যখন নৃত্যনাট্যটির দৃশ্যে অংশ নিই, তখন ঘাড়সহ পুরো শরীর নাড়ানোর পর্যন্ত ক্ষমতাও ছিল না। বলতে পারেন এ এক নতুন অভিজ্ঞতা আমার জন্য। মনে রাখার মতো একটি নাটক এটি। তবে সহশিল্পী তিশার কাছ যথেষ্ট সহযোগিতা পেয়েছি।’ মিরানা বুকস অ্যান্ড ফ্লাওয়ার নাটকটি ছাড়াও সজল থিয়েটারভিত্তিক আরও একটি নাটকে অভিনয় করেছেন। নাম কদম ফুল। পরিচালনা করেছেন রহমান হাবিব। এ নাটকে সজলের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম।