গীতিকবিতা, আলোকচিত্র ও চলচ্চিত্রের প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হচ্ছে গীতিকবিতা, আলোকচিত্র ও চলচ্চিত্র প্রতিযোগিতার উৎসব ‘সেলিব্রিটিং লাইফ’-এর দশম আয়োজন। আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতার জন্য দেশের যেকোনো প্রান্ত থেকে এই তিনটি বিভাগে কাজ জমা দেওয়া যাবে। বিজয়ীরা পাবেন ক্রেস্ট, সম্মাননা ও নগদ টাকা। তাঁদের কাজগুলো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আয়োজকেরা।

এ বছর প্রতিযোগিতার বিষয়বস্তু ‘বৈচিত্র্যময় বাংলাদেশ’। গীতিকবিতা, আলোকচিত্র ও চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বৈচিত্র্য তুলে ধরতে হবে। চলচ্চিত্রের ক্ষেত্রে বিষয়বস্তুর তেমন বাধ্যবাধকতা নেই। শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ২০ থেকে ৪৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে। শ্রেষ্ঠ নবাগত চলচ্চিত্র বিভাগে জমা দেওয়া যাবে ৩ থেকে ১২ মিনিটের চলচ্চিত্র। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের জন্য বিজয়ীকে ২ লাখ টাকা পুরস্কার এবং পরে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এ ছাড়া নবাগত শাখায় পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

আলোকচিত্র ও গীতিকবিতার ক্ষেত্রে তিনজন বিজয়ীকে দেওয়া হবে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। আরও নয় আলোকচিত্রী পাবেন ক্রেস্ট ও সম্মাননা। বিজয়ীদের ছবিগুলো দিয়ে ক্যালেন্ডার ও কফিটেবিল বুক ছাড়াও সেসব নিয়ে দেশব্যাপী হবে প্রদর্শনী। স্বনামধন্য শিল্পীদের কণ্ঠে বিজয়ী গীতিকারদের গানগুলো প্রকাশিত হবে অ্যালবাম আকারে। বিভিন্ন জেলা শহরে আয়োজিত কনসার্টে গীত হবে গানগুলো।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়। উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের বাংলাদেশপ্রধান বিটপি দাশ চৌধুরী, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনাম ও উৎসব পরিচালক রাফি হোসেন। ২০০৮ সাল থেকে যৌথভাবে এই উৎসব আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।