গীতিকার মেহরীন ও নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহরীন
মেহরীন

ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই নতুন কোনো গান পাওয়া যাচ্ছিল না জনপ্রিয় নারী পপ তারকা মেহরীনের কাছ থেকে। তবে ঈদ উপলক্ষে মেহরীন তাঁর ভক্তদের জন্য নিজের ওয়েবসাইটে একটি নতুন গান প্রকাশ করেছেন। ‘আজ এক নতুন দিন’ শিরোনামের  গানটির কথা লিখেছেন মেহরীন নিজে। এটি তাঁর লেখা প্রথম কোনো গান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নীল। মেহরীন বলেছেন, ‘গানটির বিষয়বস্তু একদমই গতানুগতিক ধারার বাইরে। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনাই গানটির বিষয়বস্তু। ইউটিউবে গানটির মিউজিক ভিডিও প্রকাশের পর সবার কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি।  এ ছাড়া বিভিন্ন এফএম রেডিওতে গানটির অডিও প্রচারের পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।’ মেহরীন আরও বলেন, ‘আসলে অনেক দিন ধরেই শ্রোতারা নতুন গানের কথা বলে আসছিলেন। আমার লেখা ও নীলের কম্পোজ করা একটি গানের কাজ আমরা শেষ করেছিলাম। প্রেম-ভালোবাসার গান তো সব সময়ই করি। এবার একটু অন্য ধরনের গান করলাম। শ্রোতা-দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী গান করলাম। এর ভিডিওটাও করা হয়েছে অনেক সাধারণভাবে। এটা একটা এক্সপেরিমেন্টও বলা যায়। অনেকেই আবার আমাকে বলেছেন, গতানুগতিক ধারার বাইরের গান। বিষয়টি আমাকে বেশ অনুপ্রাণিত করেছে। সামনে হয়তো এ রকম বিষয়ভিত্তিক কিংবা প্রেম-ভালোবাসার বাইরের গান আরও করব। তবে এ গানটি নিয়ে আমি অনেক খুশি।’