গীতিনাট্য নয়, আজ নৃত্যনাট্য ‘বাল্মীকি প্রতিভা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর ২০ বছর বয়সে রচনা করেন প্রথম গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। এখানে তিনি দুর্ধর্ষ দস্যু রত্নাকরের মহর্ষি বাল্মীকিতে রূপান্তরের ঘটনা তুলে ধরেছেন। শুরুতে গীতিনাট্য হিসেবে রচিত হলেও পরে তা নৃত্যনাট্য হিসেবে প্রদর্শিত হয়। ১৮৮১ সালে ‘বিদ্যাভাজন সমাগম সম্মিলনী’তে প্রথম মঞ্চস্থ হয় তা। আর এতে বাল্মীকি চরিত্রে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ নিজেই। এই নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ ভারতীয় কীর্তন, লোক ও রাগপ্রধান সুরের সঙ্গে পাশ্চাত্যের সমন্বয়ে একটি নতুন ধারা উন্মোচন করেন। বাল্মীকি প্রতিভা নিয়ে এ কথাগুলোই বললেন চঞ্চল খান। আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা। এর পরিকল্পনা ও সংগীত পরিচালনা করেছেন চঞ্চল খান। যৌথভাবে এর আয়োজন করছে সুরলোক ও নৃত্যাঞ্চল। পৃষ্ঠপোষকতা করছে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস।চঞ্চল খান বলেন, ‘এখানে সুর-তাল-লয়ের কড়াকড়ি নেই। শুধু নাচ আর গান নয়, সংলাপও মুখ্য। সবকিছু মিলে একটা পরিপূর্ণ রূপ দেওয়া ছিল আমাদের লক্ষ্য।’বাল্মীকি চরিত্রে অভিনয় করছেন শিবলী মহম্মদ। তিনি বললেন, ‘বাল্মীকি প্রতিভা এর আগে অনেকেই করেছেন। কিন্তু এত বড় পরিসরে, বিরাট আয়োজনে কখনো হয়নি। আর আমি এবারই প্রথম বাল্মীকি চরিত্রটি করছি। নিজে কোরিওগ্রাফ এবং নির্দেশনার কাজটা করলে অনেক সমস্যা হয়। কিন্তু এবার দুটি কাজই করছেন সুকল্যাণ ভট্টাচার্য্য। আর আমি পুরো মনোযোগ দিচ্ছি বাল্মীকির দিকে। রবীন্দ্রনাথের বাল্মীকিকে নিজের মধ্যে ধারণ করার সাধ্যমতো চেষ্টা করছি।’ কানাডাপ্রবাসী সুকল্যাণ ভট্টাচার্য্য এর আগে বাংলাদেশে তিনকন্যা দান নৃত্যনাট্যের নির্দেশনা দিয়েছিলেন। দ্রৌপদী, বেহুলা ও সখিনাকে নিয়ে তৈরি হয়েছিল এটি। এতে তিনটি চরিত্রই করেছিলেন শামীম আরা নীপা। এবার সুকল্যাণ বাল্মীকি প্রতিভার কোরিওগ্রাফ ও নির্দেশনা দিচ্ছেন। এক মাস ধরে চলছে এই নৃত্যনাট্যের মহড়া। আর চঞ্চল খান সংগীত তৈরি করতে সময় নিয়েছেন সাত মাস। শিবলী জানান, পরবর্তী সময়ে দর্শনীর বিনিময়ে বাল্মীকি প্রতিভা নিয়মিত মঞ্চায়নের পরিকল্পনা আছে তাঁদের।