একের ভেতর অনেক। সংগীতের সঙ্গে নৃত্য; এর সঙ্গে আরও মিলেছে আবৃত্তি, মাইম, চিঠি, চিত্র, মার্শাল আর্টস আরও কত কী! আর এত কিছুর সম্মিলনে অপূর্ব এই আয়োজনের নাম ‘ওয়াটারনেস’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ছিল এর প্রদর্শনী।
তুরঙ্গমী-রেপার্টরি ড্যান্স থিয়েটারের প্রথম পূর্ণাঙ্গ ড্যান্স থিয়েটার এটি। উদ্বোধনী মঞ্চায়নের পর গতকাল ছিল এর তৃতীয় প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে এ গীতিনৃত্যনাট্যের মূল অনুপ্রেরণা কাদম্বরী দেবী। ১৮৯০-১৯৪১ সাল পর্যন্ত সৃজনশীল ভ্রমণে পদ্মা-গঙ্গাসহ বহু নদী তাঁর সঙ্গী ছিল। নদী ও জল তাঁর লেখায় বারবার এসেছে। ওয়াটারনেসে রবীন্দ্রনাথের গান, চিঠি, চিত্র ব্যবহারের পাশাপাশি রয়েছে তাঁর জীবনে প্রভাব ফেলা তিন নারী কাদম্বরী, মৃণালিনী ও ইন্দিরা দেবীর ছায়াও। বাংলা ও ইংরেজি দুটি ভাষায় এতে দেখানো হয়েছে জল ও নারীর অন্তর্গত সম্পর্ক।
ওয়াটারনেসের পাণ্ডুলিপি লিখেছেন ধীমান ভট্টাচার্য। এর মূল ভাবনা, নকশা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের। ওয়াটারনেস পরিবেশনায় অংশ নেন পূজা সেনগুপ্ত, নবনীতা দেব, আতিক রহমান, ইয়াসনা রহমান প্রমুখ।