গুজব প্রসঙ্গে ববিতা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববিতা
ববিতা

ববিতা অভিনয় ছেড়ে দিচ্ছেন সম্প্রতি এমন গুজব রটেছিল। এ প্রসঙ্গে প্রথম আলোকে ববিতা জানিয়েছেন, তিনি চলচ্চিত্রের সঙ্গেই আছেন।এই চলচ্চিত্রই তাঁকে ‘ববিতা’ বানিয়েছে। চলচ্চিত্র ছাড়ার প্রশ্নই আসে না।

শুক্রবার রাতে ছেলেকে দেখতে কানাডা গেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি অভিনেত্রী ববিতা। সেখানে তাঁর ছেলে অনিক পড়াশোনা করছেন। মূলত ছেলের সঙ্গে সময় কাটানোর জন্যই কানাডায় উড়াল দিয়েছেন ববিতা। যাওয়ার আগে ববিতার সঙ্গে কথা হয় প্রথম আলোর।


কথা প্রসঙ্গে ববিতা বলেন, ‘আমি কিন্তু কোনো দিন বলিনি অভিনয় করব না। তা ছাড়া, এটা বলার কথা ভাবতেও পারি না। দেখুন, সেই পুতুল খেলার বয়স থেকে আমি চলচ্চিত্রের সঙ্গে আছি। দীর্ঘ অভিনয়জীবনে দেশ বিদেশের অনেক মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। এখনো তা অব্যাহত আছে। এই চলচ্চিত্রই আমাকে ববিতা বানিয়েছে। যেখান থেকে এত কিছু পেয়েছি তা ছেড়ে দেওয়ার কথাও তো মনের মধ্যে আসার কথা নয়।’

কয়েক মাস আগে মুক্তি পেয়েছে ববিতা অভিনীত চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’। সে সময় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ হচ্ছে ববিতার জীবনের শেষ ছবি— এমন গুজব ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে ঢাকাসহ দেশের নানা জায়গায় পোস্টারও ছাপা হয়। ববিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিতে বেশ অবাকই হন। এই গুজব প্রসঙ্গে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেরই বক্তব্য ছিল, ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এমন কৌশল বেছে নিয়েছিলেন ছবির সংশ্লিষ্টরা।

এদিকে, গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপে ববিতা জানিয়েছিলেন, এখনো তিনি ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন। কিন্তু নানাবিধ ব্যস্ততা আর ছবির গল্পগুলো মন কাড়তে না পারার কারণেই এসব ছবির জন্য ‘হ্যাঁ’ করতে পারছেন না। ববিতা জানান, এর মধ্যে দু-একটি গল্প একটু ভিন্নরকম মনে হয়েছে। সেগুলো নিয়ে মাস খানেক পরে ভাববেন।

তাহলে নতুন ছবিতে আপনাকে দেখা যাচ্ছে না কেন? এমন প্রশ্নে ববিতা বলেন, ‘আমি একা মানুষ। একমাত্র ছেলে অনিকও থাকে দেশের বাইরে। বেশ কয়েক মাস ধরে বাড়ির কাজও শুরু করেছি। পারিবারিক সবকিছু আমাকে একাই দেখতে হয়।’ তিনি বলেন, ‘আবার এদিকে এখন যেসব গল্প আসে সেগুলোও খুব একটা মন কাড়তে পারছে না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও কাজ করছি না। যা হোক, এবার দেশে ফেরার পর নতুনভাবে কিছু একটা ভাবব।’