গুজবে নাখোশ আমির
‘যাঁর বিয়ে তাঁর খবর নাই, পাড়া-পড়শির ঘুম নাই!’ এমনই এক অবস্থার অবতারণা হয়েছে আমির খানকে ঘিরে। খবর রটেছে, দিল্লি বিল্লি ছবিটির ব্যাপক সাফল্যের পর একটা রোলস রয়েস গাড়ি কিনেছেন আমির। কিন্তু বালি দ্বীপে স্ত্রী কিরণ রাওকে নিয়ে ঘুরতে গিয়ে এমন খবর শোনার পর নাখোশ আমির। কাছের এক বন্ধুর মাধ্যমে জানিয়েছেন, এটা স্রেফ গুজব! কিন্তু গুজবের গোড়ায় পানি ঢেলেছে মহারাষ্ট্রের সাতারা শহরের আঞ্চলিক পরিবহন কার্যালয়। তারা জানিয়েছে, গাড়ি কেনার পর আমির এরই মধ্যে ৪৭ লাখ রুপি কর দিয়েছেন, সঙ্গে বিশেষ নিবন্ধনের জন্য গুনে দিয়েছেন আরও লাখ তিনেক রুপি। এমনকি গাড়ির নিবন্ধন নম্বরটাও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি-MH 11 AX 1. আর গাড়িটি নাকি কেনা হয়েছে অ্যাভাইটাল পোস্ট স্টুডিওস লিমিটেডের নামে। ঠিকানা দেওয়া হয়েছে-৭ডি, সিলভার ভ্যালে সোসাইটি, ক্ষীণগার, তালুকা মহাবলেশ্বর। তবে আমিরের এক কাছের বন্ধু এ খবর পুরোপুরি নাকচ করে দিয়েছেন। জানিয়েছেন, আমির শেষ গাড়িটি কিনেছিলেন মাস দুয়েক আগে। আমিরও এক খুদেবার্তায় লিখেছেন, ‘ওই প্রতিবেদনে আমি হতবাক! আমি কোনো রোলস রয়েস কিনিনি।’ ওয়েবসাইট।