গুজবের আগুনে পানি ঢাললেন স্পিলবার্গ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদমাধ্যমের কল্যাণে মোটামুটি সবাই ধরেই নিয়েছিলেন যে ওসামা বিন লাদেনকে নিয়ে ছবি বানাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ। সম্প্রতি প্রায় প্রতিষ্ঠিত এ গুজবের আগুনে পানি ঢাললেন স্পিলবার্গ স্বয়ং। জানিয়েছেন, ওসামাকে নিয়ে কোনো ছবি বানাচ্ছেন না তিনি। এক খবরে জানিয়েছে হলিউড রিপোর্টার।৬৫ বছর বয়স্ক এই নির্মাতার এক মুখপাত্র মারভিন লেভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্পিলবার্গ কিংবা তাঁর প্রতিষ্ঠান ড্রিমওয়ার্কসের পক্ষ থেকে কখনোই অ্যাবোটাবাদ অভিযানের মার্কিন সেনা মার্ক ওয়েনের লেখা ‘নো ইজি ডে’কে ভিত্তি করে ছবি নির্মাণের কোনো পরিকল্পনা করা হয়নি।মারভিন লেভির এ বক্তব্যের আগে পর্যন্ত সবাই জানতেন যে লেখক ওয়েনের সঙ্গে বইটি থেকে ছবি বানানোর বিষয় নিয়ে স্পিলবার্গের আলোচনা হয়েছে।প্রসঙ্গত, মার্ক ওয়েন সেই মার্কিন সেনা, যিনি লাদেনকে ধরার জন্য পরিচালিত অভিযানে অংশ নিয়ে প্রথম ব্যক্তি হিসেবে অ্যাবোটাবাদের আস্তানার তিনতলায় লাদেনের মুখোমুখি হয়েছিলেন।ওয়েনের এ বইটি এ বছরের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হবে।এদিকে স্পিলবার্গ লাদেনকে নিয়ে ছবি না বানালেও লাদেনকে নিয়ে নির্মিত ‘জিরো ডার্ক থার্টি’ ছবিটি ডিসেম্বরের ১৭ তারিখে মুক্তি দিচ্ছে সনি পিকচার্স। ‘হার্ট লকার’খ্যাত অস্কারজয়ী হলিউডের চলচ্চিত্রনির্মাতা ক্যাথরিন বিগেলো পরিচালিত এ ছবিটির কাহিনিকার তাঁর দীর্ঘদিনের সহচর মার্ক বোয়াল।