ছয় বছর বয়সেই শ্রুতি হাসান গান করেছিলেন বাবার একটি তামিল ছবিতে। বাবা কমল হাসানের ইচ্ছা ছিল, মেয়ে বড় হয়ে সংগীতশিল্পী হবে। তাই মেয়ের অভিনেত্রী হওয়ার আবদারটি প্রথমে মেনেই নিতে পারেননি ভারতের দক্ষিণী ছবির কয়েক যুগের জনপ্রিয় এই গুণী অভিনেতা। অসাধারণ চিত্রনির্মাতা বটে! বাবার ছবিতে গান গাওয়ার পাশাপাশি ছোটখাটো চরিত্র হলে ঠিক আছে, ২০০০ সালে কমল হাসানের হে রাম ছবিতে তাই ছোট্ট একটি চরিত্রে শ্রুতিকে দেখাও গিয়েছিল। কিন্তু তাই বলে একেবারে পেশাদার অভিনেত্রী? মোটেই না।এরপর অনেক বছর পেরিয়ে গেছে। কিন্তু একসময় মেয়ের ইচ্ছার জোরের কাছে হার মানতে হয় বাবাকে। ২০০৯ সালে হিন্দি ছবি লাক দিয়ে বলিউডে অভিষেক হয় শ্রুতি হাসানের। তবে বলতে গেলে লাক ছবি শ্রুতির জন্য ছিল ব্যাডলাক। অ্যাকশনধর্মী এই ছবিতে ছিপছিপে গড়নের লাবণ্যময়ী শ্রুতি নায়িকা চরিত্রে পর্দায় উপস্থিত হয়েছিলেন ইমরান খানের বিপরীতে। ছবিতে খোলামেলা ইমেজে দর্শকদের সামনে উপস্থিত হয়ে বিরূপ সমালোচনার শিকার হয়েছিলেন শ্রুতি। উপরন্তু, ছবিটির বক্স অফিস ভরাডুবি অনেকটা বেকায়দায় ফেলে দেয় শ্রুতিকে। লাক ছবির ব্যর্থতা ও দর্শক-সমালোচকদের নিন্দায় কিছুটা মুষড়ে পড়েছিলেন তিনি। এরপর আবার তাঁকে দেখা যায় ইমরান হাশমির বিপরীতে কমেডি রোমান্টিক ধাঁচের ছবি দিল তো বাচ্চা হ্যায় জিতে (২০১১)। এ ছবিতেও দর্শক-সাড়া না পাওয়ায় বলিউডে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন শ্রুতি। অনেক ঢাকঢোল পিটিয়ে অভিষেক হলেও পর পর দুটি ফ্লপ ছবির পর বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান কমল হাসান-তনয়া। নিজের ঘরে ফিরে তামিল-তেলেগু ছবিতে মনোযোগী হন শ্রুতি এবং দক্ষিণী চিত্রালোকেই তাঁর ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে পড়ে।গত চার বছরে শ্রুতির ছয়টি ছবির মধ্যে হিন্দি ছবি মাত্র দুটি আর বাকিগুলো তামিল বা তেলেগু ভাষায়। তবে এরই মধ্যে গায়িকা হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি দক্ষিণী ছবির নায়িকা হিসেবে বেশ ভালোই পরিচিতি পেয়ে গেছেন শ্রুতি হাসান; বিশেষ করে হোয়াই দিস কোলাভেরি ডি-খ্যাত তামিল ছবি থ্রিতে শ্রুতির অভিনয় নজর কাড়ে সবার। কিন্তু শ্রুতির ইচ্ছা বলিউডে, প্রিয় শহর মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করা। কারণটাও স্পষ্ট। দক্ষিণী ছবির জগতে কমল হাসান বিশাল এক নাম। সেখানে শ্রুতি যা-ই করুন না কেন, সব সময় বাবার ছায়ার তলেই থেকে যাবেন। নিজের পরিচয় ও নাম তৈরির একটাই উপায়, তা হলো বলিউড। আর এই বলিউড থেকেই তো তাঁর অভিনয় ক্যারিয়ারের শুরু। হিন্দি ছবিতে তেমন কোনো সাফল্য না জুটলেও বলিউডের দর্শকেরা কি ভুলতে পেরেছে শ্রুতি হাসানের উষ্ণ উত্তাপ?দীর্ঘদিন বিরতির পর বলিউডে গত সপ্তাহে মুক্তি পেয়েছে শ্রুতি হাসানের নতুন ছবি, তা-ও আবার একই দিনে দু-দুটো ছবি। শেষ কবে বিটাউনে প্রধান চরিত্রে একই অভিনেত্রী অভিনীত দুটি ছবি একই দিনে মুক্তি পেয়েছে, সেটি আসলেই খুঁজে পাওয়া মুশকিল। সেই হিসেবে শ্রুতি হাসান একটি রেকর্ড করতে যাচ্ছেন তাঁর রামাইয়া ভাস্তাভাইয়া ও ডি-ডে ছবির মাধ্যমে। এর মধ্যে প্রথমটি পরিচালনা করেছেন প্রখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা প্রভু দেবা। প্রথমবারের মতো অ্যাকশননির্ভর ছবি না বানিয়ে সম্পূর্ণ প্রেমের ছবি বানালেন ওয়ান্টেড, রাউডি রাঠোড়-খ্যাত এই পরিচালক। ছবিটি তাঁর নিজেরই পরিচালিত তেলুগু ব্লকবাস্টার নুভভস্তানান্তে নেনোদ্দানান্তানা-র রিমেক। অনেকেই এ ছবিকে বলিউডে শ্রুতির ‘কামব্যাক মুভি’ হিসেবে চিহ্নিত করলেও এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার কামব্যাক মুভি নয়। আসলে এর মাঝে আরও বেশ কিছু ছবিতে অভিনয়ের অফার পেলেও দক্ষিণী ছবিতে চুক্তিবদ্ধ থাকায় ওখানেই ব্যস্ত থাকতে হয়েছে আমাকে। বলিউড থেকে দূরে থাকলেও মুম্বাইকে কখনোই ভুলে যাইনি। মুম্বাই আমার দ্বিতীয় ঘর। যদি বলিউডে নিয়মিত অভিনয়ের সুযোগ পাই, তবে অবশ্যই এই শহরেও থাকা হবে। তখন আমাকে নিয়মিতই দেখতে পাবে সবাই।’ রামাইয়া ভাস্তাভাইয়া ছবিতে শ্রুতি হাসানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত গিরিশ কুমার তৌরানি। প্রযোজক কুমার তৌরানির ছেলে গিরিশ কুমারের এটি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে। অন্যদিকে, ক্রাইম-থ্রিলারভিত্তিক ডি-ডে ছবির পরিচালক কাল হো না হো-খ্যাত নিখিল আদভানি। করাচির একটি নিষিদ্ধ পল্লিকে ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি। শ্রুতি হাসান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল, ঋষি কাপুর, হুমা কোরেশি, সন্দীপ কুলকার্নি, ইরফান খান প্রমুখ। সম্পূর্ণ বিপরীত দুটি চরিত্রের দুটি ছবি একই দিনে মুক্তি পাওয়ায় দর্শকেরা এবার শ্রুতিকে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে অবশ্য চিন্তিত দুই পরিচালক। তবে দুই ছবির প্রযোজক কেউই পরিবর্তন করেননি নিজেদের ছবি মুক্তির দিন-তারিখ। শ্রুতির কপাল এবার ব্যাডলাক, নাকি গুডলাক, তা-ই এখন দেখার বিষয়। সাজিদুল হকজিনিউজ, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, মুম্বাই মিরর, উইকিপিডিয়া ও আইএমডিবি অবলম্বনে