গুণগত মানের অনুবাদ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তবিশ্বে প্রকাশনা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে ‘দেশি প্রকাশনার আন্তর্জাতিকীকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা। শনিবার ঢাকার সোনারগাঁ হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো
‘মুক্তবিশ্বে প্রকাশনা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে ‘দেশি প্রকাশনার আন্তর্জাতিকীকরণ’ শীর্ষক সেমিনারে বক্তারা। শনিবার ঢাকার সোনারগাঁ হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

শনিবার ঢাকার সোনারগাঁ হোটেলে ‘মুক্তবিশ্বে প্রকাশনা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে ‘দেশি প্রকাশনার আন্তর্জাতিকীকরণ’ শীর্ষক সেমিনার দেশ-বিদেশের প্রথিতযশা লেখক, সাহিত্যিক ও প্রকাশকেরা একযোগে বলেছেন, অনুবাদ সাহিত্যের বিপুল চাহিদা থাকলেও গুণগত মানের অনুবাদ হচ্ছে না। অনুবাদ সাহিত্যে মূল সাহিত্যের ভাবার্থ ‘বদলে যাচ্ছে’ বলেও অভিযোগ করেন তারা।

কবি মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে শনিবার সকালে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আনিসুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক, নেপালের জাতীয় গ্রন্থ প্রকাশনা সংস্থার সাধারণ সম্পাদক লিখাত প্রসাদ পান্ডে, ভারতের লেখক ব্যক্তিত্ব ইমানুল হক।
সভাপতি কবি নুরুল হুদা বলেন, দেশীয় প্রকাশনাকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে গিয়ে প্রকাশকেরা নানা বাধা-বিপত্তির সম্মুখীন হচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভিন্ন দেশি সাহিত্যের আবেদন যখন বাড়ছে, তখন নীতিনির্ধারকেরা নানা বিধিনিষেধ আরোপ করে বিস্তার বাধাগ্রস্ত করছেন।
যথাযথ অনুবাদের অভাবে বিশ্ববাজারে বাংলাসাহিত্য সমাদৃত হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক তাঁর ‘মা’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, ‘আমার “মা” উপন্যাসটি হিন্দি, ওডিশি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। কিন্তু যথাযথ অনুবাদের অভাবে আমার ‘মা’ উপন্যাসটি ভিনদেশি পাঠকেরা বুঝতে পারেনি। তিনি বলেন, সবার আগে আমাদের পাঠককে বুঝতে হবে। বিশ্বমানের সাহিত্য বাজার তৈরি করতে গেলে আমাদের সত্যি ভালো মানের অনুবাদক দরকার।’
নেপালি তরুণদের বড় একটি অংশ বইমনষ্ক হয়ে গড়ে উঠছে বলে মন্তব্য করেন প্রকাশক লিখাত প্রসাদ। তিনি জানালেন, থিসিস পেপারের পাশাপাশি তরুণেরা এখন বিশ্ব সাহিত্যের সন্ধানে এসে ভিড় করছে বইয়ের দোকানগুলোতে। তরুণদের সাহিত্যের কদরে বাড়ছে বিক্রিবাট্টা, বাড়ছে প্রকাশনা সংস্থা।
প্রকাশনা ক্ষেত্রে সরকারি নিয়মনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভারত থেকে বই আমদানি করতে পারছি, কিন্তু নেপালি বইগুলো আমরা ভারতের বাজারে পৌঁছাতে পারছি না। তেমনিভাবে বাংলাদেশের বই পাকিস্তানে কিংবা পাকিস্তানের বই শ্রীলঙ্কায় পৌঁছাতে পারছে না। আমি মনে করি, সার্কভুক্ত দেশগুলোর প্রকাশক সংস্থাগুলো এক হয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে পারে। দক্ষিণ এশীয় প্রকাশক ও বিক্রেতা সংগঠনও গঠন করা যেতে পারে।’
তরুণ প্রজন্মের কাছে সাহিত্যকে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সেমিনার ও বইমেলায় তরুণ সাহিত্যিকদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তাদের কাছে সাহিত্য আরও সহজলভ্য করে তুলতে হবে।’
ভারতীয় কবি ইমানুল হক আন্তর্জাতিক পরিসরে সাহিত্য বাজার বৃদ্ধিতে ১৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার পাশাপাশি যৌথ উদ্যোগের ভিত্তিতে প্রকাশনার মানোন্নয়ন ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন।
মাহবুবুল হক বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে আমাদের শুধুমাত্র ইংরেজিতে দক্ষ হলেই চলবে না পাশাপাশি লাতিন, স্প্যানিশ ও ফরাসি ভাষাতেও দক্ষতা অর্জন করতে হবে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন তার ‘হাঙর নদীর গ্রেনেড’ উপন্যাসটির ‘বেহাল অনুবাদের’ কথা তুলে ধরে বলেন, ফ্রাঙ্কফুর্ট বইমেলার এক সেমিনারে উপন্যাসটির সারাংশ শুনে মার্কিন প্রকাশক বইটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু বাংলা উপন্যাসটির ইংরেজি অনুবাদের সংস্করণটি দেখে তিনি হতাশ হয়ে জানালেন, এটি মার্কিন পাঠকদের উপযোগী নয়। ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসটি বাংলা একাডেমি থেকে অনূদিত।
তিনি আরও বলেন, ‘দেশি সাহিত্যকে বিশ্ববাজারে পৌঁছে দিতে সরকারি পর্যায়ে একটি অনুবাদ সেল গঠন করতে হবে। এই সেলের বিশেষজ্ঞ প্যানেলটি ঠিক করে দেবে, আমাদের অনুবাদ সাহিত্যের মান আসলে কেমন হওয়া উচিত এবং ঠিক কোন সাহিত্যগুলো বিশ্ববাজারে পৌঁছে দেওয়া হবে।’