গুণীজনদের সম্মান না দেখালে সৃজনশীলতা ব্যাহত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি নিয়ে ভারত ও বাংলাদেশের চলচ্চিত্র উৎসব কদিন আগেই অনুষ্ঠিত হলো ঢাকায়। এ উৎসবের জন্য বাংলাদেশের যেসব ছবি নির্বাচন করা হয়, তা নিয়ে গণমাধ্যমের কাছে আপত্তি জানিয়েছেন সুচন্দা। বিষয়টি নিয়েই কথা হলো তাঁর সঙ্গে। সুচন্দা আপা, কেমন আছেন?এই তো, কেটে যাচ্ছে দিন।জহির রায়হানের কোনো চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি—এটাই আপনাদের অভিযোগ। যদিও উৎসবের আমন্ত্রণপত্রে জহির রায়হানের একটি আলোকচিত্র ছিল...হ্যাঁ, ঠিকই জানেন। আমি, ববিতা আর চম্পা এ ঘটনায় পারিবারিকভাবে প্রতিবাদও করেছি। জহির রায়হান আমাদের আপনজন বলে নয়, বাংলা চলচ্চিত্রের একজন পুরোধা ব্যক্তিত্ব হিসেবেই তাঁর ছবি এ উৎসবে স্থান পাওয়া উচিত ছিল। তেমনি, এই ভূখণ্ডের প্রথম বাংলা ছবি মুখ ও মুখোশ আসতে পারত। আপনি কি উৎসবে আমন্ত্রণ পেয়েছিলেন?না। আমাদের চলচ্চিত্রশিল্পকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যাঁদের অবদান আছে, তাঁদের একটু সম্মান দেখালে আয়োজকেরাও সম্মানিত হতে পারেন। আমি নিশ্চিত, কলকাতায় এ উৎসব হলে ওখানকার আয়োজকেরা স্থানীয় শিল্পী, কলাকুশলীদের সম্মান দেখাতেন। গুণী ব্যক্তিদের সম্মান করলে নতুন গুণী ব্যক্তিরও জন্ম হয়। সম্মান না দেখালে সৃজনশীলতা ব্যাহত হয়।কেন এমন হচ্ছে?অল্প কিছু লোকের কারণে এই সর্বনাশটা হচ্ছে। এরা মন্ত্রণালয়সহ নানা জায়গায় ঘুরঘুর করে। এরা অতীতকে অস্বীকার করতে চায়। সরকারের কাছে আমার অনুরোধ, যাঁদের হাত ধরে চলচ্চিত্র একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, তাঁদের সঙ্গে আলোচনা করুন, তাঁরা তো অন্তত সৎ পরামর্শ দিতে পারবেন।আয়োজকেরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে দেশের প্রতিনিধিত্বশীল চলচ্চিত্র নিয়ে উৎসব করেন, আপনি কি তা সমর্থন করবেন?কেন নয়? মানুষই তো ভুল করে। ভুল বুঝতে পারলে তা ক্ষমার যোগ্য।আপনার সময় কাটে কী করে?বাবা-মা নেই। বড় বোন হিসেবে আমি তো পরিবারের অভিভাবক। ভাইবোনদের ছেলেমেয়েসহ আমার তো বড় সংসার। সেই সংসারের দেখভাল করি। আর হ্যাঁ, আমরা তিন বোন—আমি, ববিতা ও চম্পাকে নিয়ে একটি তথ্যচিত্র বানানোর কথা ভাবছি। কাঠামোটা তৈরি করেছি। সেই ছবিতে সমকালীন ব্যক্তিত্বদেরও তুলে আনব। জহিরের বরফ গলা নদীর চিত্রনাট্য করেছি, অনুদানের জন্য জমাও দিয়েছিলাম। শিল্পী, পরিচালক, প্রযোজক, পরিবেশক হিসেবে কাজ করেছি। ভেবেছিলাম, অনুদান পাব, কিন্তু পাইনি। সাহিত্যনির্ভর চলচ্চিত্র তৈরির প্রতি আমার আগ্রহ আছে। দেখি, ভবিষ্যতে ভালো কিছু উপহার দিতে পারি কি না।