গুনে গুনে ৩২ থাপ্পড়
>‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। অভিনয়শিল্পীরা শুটিংয়ের সময় প্রায়ই এ ঘটনার মুখোমুখি হন। সেই অভিজ্ঞতা কখনো বিরক্তির, কখনো মজার আবার কখনোবা মধুর। এই বিভাগে আজ জেনে নিন মিশু সাব্বিরের দুটি এনজি শটের মজার স্মৃতি।

রেদওয়ান রনির হাউজফুল নাটকের শুটিংয়ের ঘটনা এটি। মিরপুরে একটি লোকেশনে শুটিং চলছিল নাটকটির। আমার বোনের চরিত্রে অভিনয় করছিলেন সুমাইয়া শিমু এবং মায়ের চরিত্রে মনিরা মিঠু। একটা দৃশ্যে বোনের সম্পর্কে মায়ের কাছে গিয়ে মিথ্যা তথ্য দেব। মা বুঝতে পেরে উল্টো থাপ্পড় মারবে আমাকে। দৃশ্যটির ধারণ শুরু হয়েছে। ক্যামেরা চলছে। কিন্তু থাপ্পড়টি বাস্তবসম্মত না হওয়ায় প্রথমবার এনজি হয়ে গেল দৃশ্যটি। পরের বারও তাই। এভাবে শটটি ওকে হতে গুনে গুনে ৩২ বার মনিরা মিঠু আপার হাতে থাপ্পড় খেতে হয়েছিল। এখনো ওই দৃশ্যর কথা ভুলিনি আমি।
আরেকটি ঘটনা ঘটেছে গত ঈদের সময়। মাহফুজ আহমেদের কখনো ফিরে এসো না নাটকের শুটিংয়ে এনজি শটের কবলে পড়েছিলাম। বনানীর একটি বাড়ির ছাদে চলছিল শুটিং। আমার সহশিল্পী মেহজাবিন। তাঁর সঙ্গে নতুন প্রেম হয়েছে। তাঁকে জড়িয়ে ধরার একটি দৃশ্য। ক্যামেরা চলছে। কথা বলতে বলতে আমি মেহজাবিনকে জড়িয়ে ধরি। কিন্তু পরিচালক ক্যামেরা থামিয়ে দিয়ে বললেন, জড়িয়ে ধরার মধ্যে আবেগটা পাওয়া যাচ্ছে না। আবার শটটি নিতে হবে। এভাবে পাঁচ-ছয়বার জড়িয়ে ধরার পর ওকে হয়েছিল শট।
অনুলিখন: শফিক আল মামুন