গুরু তোমায় সালাম
‘আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে গাই পপ গান, জারি-সারি ভাটিয়ালি এক মায়ের সন্তান, আমি আজম খান....’। পর্দায় গানের সঙ্গে আজম খানের চিরচেনা রীতির পরিবেশনা। দর্শকদের অনেকেই দীর্ঘশ্বাস ফেললেন। শিল্পী নেই। এই তো কয়েক দিন আগে চলে গেছেন না-ফেরার দেশে। শিল্পীর দেহান্তর হয়, থেকে যায় তাঁর শিল্পকর্ম। শিল্পী থেকে যান ভক্তের অন্তরে। পপগুরু আজম খানের গানের শেষ অডিও অ্যালবাম গুরু তোমায় সালাম-এর কাজ চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রকাশিত হবে এটি। গতকাল বিকেলে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে অ্যালবামটি প্রকাশনার ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজকেরা জানান, বৃহস্পতিবার রাত থেকে মোট ১০ দিন গানগুলো শোনা যাবে বাংলালিংকে। এরপর অডিও সিডি আকারে অ্যালবামটি বাজারে ছাড়বে এর প্রকাশক ইমপ্রেস অডিও ভিশন।গতকাল বৃহস্পতিবার বিকেলের আয়োজনটি যদিও ছিল সংবাদ সম্মেলন, কিন্তু আজম খানের সমসাময়িক ও নবীন প্রজন্মের খুদে শিল্পীদের অংশগ্রহণে তা মিলনমেলায় পরিণত হয়। একপর্যায়ে আজম খানের বন্ধুপ্রতিম শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের সঙ্গে খুদে শিল্পীরা পপগুরুর জনপ্রিয় ‘আলাল ও দুলাল’ গানটি পরিবেশন করে। গুরু তোমায় সালাম অ্যালবামের গানের কথা লিখেছেন আবুল খায়ের। সংগীত পরিচালনা করেছেন মনি জামান। ছয়টি মৌলিক গান ও একটি ডুয়েটসহ মোট সাতটি গান নিয়ে প্রকাশিত অ্যালবামটি নির্মিত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, বাংলালিংকের হেড অব অপারেশন পিআর অ্যান্ড কমিউনিকেশন রাশেদ হাসান, পিআর অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার শেজাত সারোয়ার হোসেন, আজম খানের কন্যা ইমা খান প্রমুখ।ফরিদুর রেজা সাগর এ প্রসঙ্গে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের পপসম্রাট আজম খানের প্রতি ভালোবাসা থেকে আমরা অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। একজন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত।’ সংবাদ সম্মেলনে আজম খানের ‘আমি বাংলাদেশের আজম খান’ গানের ভিডিওচিত্র পরিবেশন করা হয়।নড়াইলে এস এম সুলতানের জন্মবার্ষিকীনড়াইল প্রতিনিধি জানান, শিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন গত বুধবার নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সকালে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল।এ সময় সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক জহুরুল হক, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ আবু হানিফ প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন।শিশু নাট্য উৎসব: ‘ওদের স্বপ্ন আকাশ জুড়ে ভাসে’ স্লোগান নিয়ে নড়াইলে গতকাল বৃহস্পতিবার শিশু নাট্যোৎসব শেষ হয়েছে। শিশু একাডেমী তাদের মঞ্চে এ নাট্যোৎসবের আয়োজন করে। যুগান্তর সাংস্কৃতিক সংসদের শিশু নাট্য দল, মলয় কুমার কুন্ডুর রচনা এবং নির্দেশনায় চিচিংগে অ্যান্ড কোং নাটক পরিবেশন করে প্রথম স্থান এবং এ দলের অপু শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করে। জেহাদ স্মৃতি নাট্য নিকেতনের শিশুরা সৌরভ ব্যানার্জি রচিত এবং স্বপ্না রায় নির্দেশিত নাটক দৃষ্টি পরিবেশন করে দ্বিতীয় স্থান লাভ করে। এই সংগঠনের আনিছা শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়। আকাশ ছোঁয়া নাট্যগোষ্ঠী কানিজ আফছানা রচিত এবং নির্দেশিত নাটক আজকের শিশু পরিবেশন করে তৃতীয় স্থান অর্জন করে। অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।