গুরু-শিষ্যের ‘নীলাম্বরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরু ফুয়াদ আল মুক্তাদির এবং শিষ্য আরফিন রুমী সুরকার হিসেবে ২০০৭ সালে প্রথম একসঙ্গে কাজ করেছেন মিলার একক অ্যালবাম চ্যাপ্টার টুতে। ২০০৯ সালে বাজারে আসে মিলার আরেকটি একক অ্যালবাম রিডিফাইন্ড। এই অ্যালবামেও সুরকার হিসেবে কাজ করেছেন তাঁরা। এ ছাড়া আরও কয়েকটি গানে বিচ্ছিন্নভাবে সুরকার হিসেবে কাজ করছেন এই দুজন। তবে এবারই প্রথম গুরু-শিষ্য একসঙ্গে একটি একক অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করেছেন। নাম নীলাম্বরী। আগামী পয়লা বৈশাখ বাজারে আসবে অ্যালবামটি। এখানে গান করেছেন দূরবীন ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শহীদ। এটি তাঁর দ্বিতীয় একক অ্যালবাম। অ্যালবামে গান থাকছে নয়টি। চারটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ, আর বাকি পাঁচটির কাজ করেছেন আরফিন রুমী। নয়টি গানের চারটি হবে দ্বৈত। এগুলোতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী শুভমিতা ও ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কি প্রতিযোগিতার শিল্পী খেয়া। ফুয়াদ বললেন, ‘আমাদের দুজনের সংগীত পরিচালনায় প্রথমবার একটা কাজ হলো। আমাদের অন্য অ্যালবামগুলোর চেয়ে এটি একেবারেই আলাদা। অনেক পরিকল্পনা করে কাজ করেছি। বাণিজ্যিক বিষয়টা তো ছিলই, পাশাপাশি ভালো কিছু গান তৈরির চেষ্টা করেছি।’আরফিন রুমী বলেন, ‘সংগীতে আমার এখন পর্যন্ত যা কিছু শেখা হয়েছে, তার বেশির ভাগই হাবিব ওয়াহিদ ও ফুয়াদ আল মুক্তাদিরের জন্যই। দুই গুরুর একজনের সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।’