গুরু সদয় দত্ত স্মরণে
ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে বেগবান করা, বাঙালি জাতিত্ববোধকে উজ্জীবিত করা এবং মানুষের মধ্যে দেশপ্রেম, সততা এবং আত্মবিশ্বাস সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হতো ‘ব্রতচারী আন্দোলন’। যার স্রষ্টা ছিলেন গুরু সদয় দত্ত। তিনি সিলেট জেলায় জন্মগ্রহণ করেছিলেন ১০ মে ১৮৮২ সালে এবং মারা গেছেন ২৫ জুন ১৯৪১ সালে। তাঁকে স্মরণ করে গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে ব্রতচারী বাংলাদেশ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘ব্রতচারী ও গুরু সদয় দত্ত: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ব্রতচারী বাংলাদেশের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ, প্রমুখ। আলোচনা শেষে ব্রতচারী সংগীত, নৃত্য এবং রায়বেঁশে নৃত্য পরিবেশিত হয়।