গুরুতর অসুস্থ কুটি মনসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুটি মনসুর
কুটি মনসুর

‘আইলাম আর গেলাম’, ‘যৌবন জোয়ার একবার আসে রে’, ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’, ‘কে বলে মানুষ মরে’, ‘হিংসা আর নিন্দা ছাড়ো’, ‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না’—এমন অসংখ্য গানের গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক কুটি মনসুর গুরুতর অসুস্থ। মাইল্ড স্ট্রোক করায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের গানের জগতের গুণী এই শিল্পীর অসুস্থতার খবর প্রথম আলোকে জানান তাঁর বড় ছেলে খান মোহাম্মদ মজনু।
গত ২২ ডিসেম্বর ঢাকার রামপুরার বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুটি মনসুর। এরপর তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ২৯ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন চিকিৎসক বেনজীর আহমেদ।
খান মোহাম্মদ মজনু বলেন, ‘মাস খানেক ধরে বাবা অসুস্থ। তাঁর চিকিৎসা চালিয়ে নিতে অর্থের প্রয়োজন। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।’
অসুস্থ হওয়ার মাস দুয়েক আগে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে প্রকাশিত হয় কুটি মনসুরের লেখা আমার বঙ্গবন্ধু, আমার একাত্তর বইটি। সত্তর ও আশির দশকে বাংলাদেশের আধুনিক বাংলা গানের পরিচিত একটি নাম কুটি মনসুর। তাঁর কথা ও সুরে গান গেয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পীরা। তাঁদের মধ্যে আছেন সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, দিলরুবা খান, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর, ইন্দ্রমোহন রাজবংশী, ফিরোজ সাঁই, কিরণ চন্দ্র রায়, মুজিব পরদেশী, মমতাজ, ডলি সায়ন্তনী, মীনা বড়ুয়া, এম এ মতিন, জানে আলম, রবি চৌধুরী, মনির খান, শুভ্র দেব প্রমুখ।
কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সংগীতজীবনে পল্লিগীতি, আধুনিক, জারি-সারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদ–নাত, ইসলামি প্রভৃতি বিষয়ে প্রায় আট হাজার গান লিখেছেন বলে জানান খান মোহাম্মদ মজনু।