গুরুতর অসুস্থ টেলি সামাদ হাসপাতালে

টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকশিল্পী টেলি সামাদ গুরুতর অসুস্থ। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সহযোগী কনসালট্যান্ট কামাল পাশার তত্ত্বাবধানে টেলি সামাদের চিকিৎসা চলছে।
আজ দুপুরে প্রথম আলোকে টেলি সামাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে কামাল পাশা বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন টেলি সামাদ। এর পাশাপাশি নানা ধরনের জটিল রোগে ভুগছেন তিনি।’ তিনি আরও বলেন, ‘তাঁর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে গ্যাংগ্রিনের পাশাপাশি কিডনি, স্নায়ু ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে। গ্যাংগ্রিনের চিকিৎসার জন্য আগামীকালই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
চিকিৎসক কামাল পাশা বলেন, ‘টেলি সামাদ মোটেও আশঙ্কামুক্ত নন। গ্যাংগ্রিনের জন্য অস্ত্রোপচার করাটা জরুরি হয়ে পড়েছে। নইলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পরিবারের সদস্যদের সম্মতিতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা এমন যে, অস্ত্রোপচারের পর দিন চারেক পার না হলে বলা সম্ভব হবে না শারীরিক অবস্থাটা কেমন।’
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় অভিনয়শিল্পী টেলি সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার অন্য একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে আনা হয়। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্রে তাঁর শরীরে প্রথম বাইপাস করা হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন তিনি।