গুরুদের সঙ্গে সারা দিন
আলী আহমেদ হোসেন খান বেনারস ঘরানার প্রখ্যাত সানাইবাদক। নানা ছিলেন সানাইবাদক ও সংগীতজ্ঞ ওয়াজির হোসেন খান। মামা ওস্তাদ নাজির হোসেন খানই ছিলেন তাঁর গুরু। সেনিয়া ঘরানার পণ্ডিত তানসেন পাণ্ডের কাছে কণ্ঠসংগীতে তালিম নেন তিনি। চলচ্চিত্রের জন্য সংগীত করেছেন। অল ইন্ডিয়া রেডিওতে বাজাচ্ছেন বহু বছর ধরে।মামা নাজির হোসেন সম্পর্কে কিছু বলুন।—মামা হয়তো বিখ্যাত হননি। গুরু হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। গুরু মামা হলেও গুরু গুরুই। তাঁর কাছ থেকেই পেয়েছি জীবনের পাঠ।সানাই বিয়েতেও বাজানো হচ্ছে। একই যন্ত্রে বাজে দুঃখের সুরও...—সানাই দিয়ে আমি অনেক চলচ্চিত্রের সংগীতায়োজন করেছি। যে জায়গায় যেই আবহ, তা ধারন করেই শোক বা আনন্দকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাংলাদেশের বহু শিল্পীর সঙ্গে চলচ্চিত্রের জন্য সানাই বাজিয়েছি। রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনও ছিলেন তাঁদের মধ্যে।এবারই কি প্রথম এলেন বাংলাদেশে?—বাংলাদেশে আসার স্বপ্ন আমার বহুদিনের। বাংলাদেশের কথা বললেই এ দেশের লোকসংগীতের কথাই মনে পড়ে সবার আগে। বাংলাদেশের লোকসংগীত অনেক সমৃদ্ধ। সানাই তো এখন বিলুপ্তির পথে...—সানাই হচ্ছে যোগব্যায়ামের মতো। অনেক দম ধারণ করতে হয় এটা বাজাতে। কিন্তু এত পরিশ্রম করার সময় কোথায় মানুষের? জীবনযুদ্ধের কারণে, রোজগারের তাগিদে মানুষ সেই সময়টা বের করতে পারছে না। আমার এখন দম হচ্ছে ৭০ থেকে ৭৪ সেকেন্ড। বিসমিল্লাহ খাঁর শেষ বয়সেও দম ছিল প্রায় ১০০ সেকেন্ড। বাংলাদেশের তরুণ শিল্পীদের জন্য কিছু বলুন।—ভালো গুরু ধরে শিক্ষা নিতে হবে একনিষ্ঠভাবে।শহীদ পারভেজ ভারতের মুম্বাইয়ে তাঁর জন্ম।এবার বাংলাদেশে এসে উৎসব নিয়ে কী ভাবছেন?—বাংলার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার দাদা এনায়েত খাঁ পশ্চিমবঙ্গের গৌরিপুরের মানুষ। এখানে এসে বাজাতে আমার খুব ভালো লাগে।আপনার ঘরানার তালিম কীভাবে শুরু হলো?—ইতউয়া ঘরানার আজিজ খানের কাছে আমার সংগীত শিক্ষা শুরু। এই ঘরানার সপ্তম প্রজন্ম আমি। শুরু হয়েছিল তিন বছর বয়সে, দাদার ইচ্ছায়। বাবা মাত্র তিন বছর বয়সেই একটি ছোট্ট সেতার কিনে দিয়ে বলেছিলেন, এটা দিয়ে খেল—মজা পাবে। সেটাই আমার পেশা হয়ে গেল।অনেকগুলো পুরস্কার পেয়েছেন আপনি। এই পুরস্কার কি দায়িত্ব বাড়ায়?—পুরস্কার আসলে দুই রকম। একটা হচ্ছে ঈশ্বরের পুরস্কার। আরেকটা মানুষ মানুষকে যে পুরস্কার দেয়। আমি আসলে ঈশ্বরের পুরস্কারে পুরস্কৃত। সেটাই আমার অনেক বড় পাওয়া। তবে হ্যাঁ, যেকোনো পুরস্কারই শিল্পীর দায়িত্ব অনেক বাড়িয়ে দেয়। চলচ্চিত্রে কাজ করতে গেলে তা কি উচ্চাঙ্গসংগীতের সঙ্গে বিরোধ সৃষ্টি করে?—না, করে না। তবে চলচ্চিত্রে আমি বেশির ভাগ ক্ষেত্রেই লোকসংগীতের ব্যবহার করে থাকি।আপনার সেতারে অনেক সময়ই কণ্ঠসংগীতের শৈলী ফুটে ওঠে। সেটা কীভাবে করেন?—এটা করতে অনেক কষ্ট করতে হয়েছে। বাজনা বাজালেও কণ্ঠসংগীতের ওপর দখল থাকতে হবে। তেজেন্দ্র নারায়ণ মজুমদার মাইহার ঘরানার শিল্পী তিনি। এই উৎসবটি উৎসর্গ করা হয়েছে মাইহার ঘরানারই ওস্তাদ বাবা আলাউদ্দিন খাঁকে। সরোদ শিখেছেন বাবা আলাউদ্দিন খাঁর সন্তান ওস্তাদ আলী আকবর খাঁর কাছে। এর আগে তিনি শিখেছেন ওস্তাদ বাহাদুর খানের কাছে। দাদা বিভুরঞ্জন মজুমদারের কাছে তিন-চার বছর বয়সে ম্যান্ডোলিনে হাতেখড়ি হয় তাঁর।সংগীতকে পেশা হিসেবে কবে নিলেন?—১৯৮১ সালে অল ইন্ডিয়া সংগীত প্রতিযোগিতায় প্রথম হওয়ার পর থেকেই সংগীতকে পেশা হিসেবে নিই। শাস্ত্রীয় সংগীত শিখতে গেলে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা রেওয়াজ করতে হয় বলে শুনেছি। আসলেই কি তাই?—আমি দিনে ছয় থেকে আট ঘণ্টা রেওয়াজ করতাম। তবে, এমন একটা প্রক্রিয়া নিজের মধ্যে আয়ত্ত করেছি যে যখন রেওয়াজ করি না, তখনো সংগীতচিন্তার মধ্যেই ডুবে থাকি।আপনি কি দর্শকদের কথা মাথায় রেখে পারফর্ম করেন?—দর্শকদের সঙ্গে শিল্পীর একটি যোগসূত্র অবশ্যই প্রয়োজন। তবে, প্রথমে সন্তুষ্ট করতে হয় নিজেকে।শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি সংগীত-সম্পর্কীয় আর কিছু করেন?—চলচ্চিত্রের সংগীতের কাজ করেছি। এ কাজে অনুপ্রেরণা পেয়েছি আমার গুরুর কাছ থেকে। আমার গুরু বাহাদুর হোসেন খাঁ ঋত্বিক ঘটকের ছবিতে সংগীতায়োজন করেছিলেন। এ ছাড়া মিউজিক থেরাপির সঙ্গেও আমি যুক্ত আছি।বাংলাদেশ নিয়ে কিছু বলুন।—আমি এই বাংলারই সন্তান। আমার ঠাকুরদার বাড়ি ছিল পাবনায়। এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত। শুভ্রা গুহ আগ্রা ঘরানার প্রতিনিধিত্বশালী প্রধান নারী সংগীতকার। অল্প বয়সেই সতীশ ভৌমিকের কাছে প্রথম তালিম নেওয়া শুরু করেন। এরপর পণ্ডিত সুনীল বোসের কাছে তালিম নেন। একই সঙ্গে তিনি পণ্ডিত কে জি গিন্ডে ও পণ্ডিত ডি টি যোশীর কাছে তালিম নেন। বর্তমানে আইটিসি এসআরএতে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। তিনি গৌতম ঘোষের চলচ্চিত্র যাত্রায় ঠুংরি গেয়েছেন।এর আগে বাংলাদেশে এসেছেন অনেকবার। শিখিয়েছেনও। এই আলোকে উৎসবটিকে কেমন দেখছেন?—খুবই ইতিবাচক। ১৫ বছর ধরে এখানে আসছি আমি। এই ১৫ বছরে বাংলাদেশের শিক্ষার্থীদের শেখার আগ্রহে ভাটা পড়েনি। এই সংগীত সম্মেলনের মধ্য দিয়ে উচ্চাঙ্গসংগীতের প্রতি ভালোবাসার বীজ রোপিত হবে। এখানে অনেক প্রতিভাবান শিল্পী আছেন। কিন্তু আমি বলব, তাঁদের মধ্যে পরিশ্রমের মানসিকতা থাকতে হবে।উচ্চাঙ্গসংগীত তো গুরুমুখী বিদ্যা। গুরু মারা গেলে সেই বিদ্যারও কি সমাপ্তি ঘটে?—তা তো ঘটেই। সে জন্যই আমার ইচ্ছে, আমার যা জ্ঞান আছে, তা আমি দিয়ে যাব আমার শিষ্যর কাছে।ছবি: খালেদ সরকার