গুরুর আসনতলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথকে আমি আগে দেখিনি। গান, কবিতা, গল্প, নাটক, আমার দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রতিবাদ-প্রতিরোধের আলোছায়ার স্বপ্ন প্রদোষে তাঁর উপস্থিতি ছিল। দূর থেকে হূদয়ে তাঁর উপলব্ধি ক্রমশ নিবিড় হচ্ছিল, কিন্তু দূরত্ব ঘোচেনি।মোহরদির (কণিকা বন্দোপাধ্যায়) হাত ধরে আমি সেই দূরত্ব ঘোচালাম। দূরের মানুষ যেন আজ কাছে এল। মোহরদি নিয়ে গেলেন সেই চিরচেনা মানুষটির চেনা গল্পের কাছাকাছি। কবি রবীন্দ্রনাথকে দেখলাম মোহরদির গুরুদেবের ছবিতে। কেমনভাবে ছোট্টবেলায় ফ্রক পরা বালিকা মোহর ডাক পেলেই দৌড়ে দৌড়ে চলে যেতেন উত্তরায়ণে। এক দৌড়ে গুরুপল্লি থেকে খেলার মাঠ পেরিয়ে সেই উদয়নের সামনে। হাওয়ায় উড়ত চুল। কপালে, নাকের মাথায় জমত শ্বেতকণিকা। কিন্তু ছোটা থামাত না। গুরুদেব বসে থাকতেন তাঁর ইজি চেয়ারে শুভ্র সৌম্য মূর্তিতে। কখনো বা লেখায় রত। তাঁর ঘরে বয়ামে রাখা থাকত ছোটদের জন্য লেবেনচুস। পৌঁছে গেলেই একটা করে হাতে ধরিয়ে দিতেন। সেটাও বড় কম আকর্ষণ ছিল না। সবচেয়ে বড় আকর্ষণ ছিল গান শেখা। গুরুদেবের ডেকে পাঠানো মানেই নিশ্চয় সদ্য রচিত কোনো নতুন গান শিখতে হবে। কখনো তো এমনও হয়েছে, ভরদুপুরে স্নান-খাবারের সময় রবীন্দ্রনাথের নিজস্ব ভৃত্য বনমালী এসে উপস্থিত, ‘বাবামাশাই ডেকে পাঠিয়েছেন।’ মা তাতে একটু বিরক্তই। এই দুপুরে উত্তরায়ণে গেলে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে যাবে। স্নান-খাওয়া কিছুই হবে না। কিন্তু মোহরদির সে খেয়াল নেই। হাওয়ায় ভাসতে ভাসতে ছুটে চলেছেন নাওয়া-খাওয়া ফেলে।গুরুদেব যখন-তখন ডেকে পাঠান। ছোট্ট মোহরের তাতে মর্যাদা বাড়ে, গুরুত্ব বাড়ে। বড়দের সঙ্গে একসঙ্গে গুরুদেবের কাছেই গান শেখে। সেই বয়সেই সেই গরব মোহরদি দারুণ তারিয়ে তারিয়ে উপভোগ করেন। শান্তিদা (শান্তিদেব ঘোষ), রমাদি, সুরেন কর সব বড়র মাঝখানে একলা ছোট্ট মোহর। গুরুদেবের যেন একটু আলাদা নজরই ছিল ছোট্ট মোহরের প্রতি। গলাটা যাতে ভালো করে তৈরি হয়, তাই আলাদা করে শৈলজাদাকে (শৈলজারঞ্জন মজুমদার) বলেছিলেন ক্লাসিক্যাল শেখানোর ব্যবস্থা করতে। সংগীতভবনে তখন অধ্যাপক চিনচোরেজির কাছেই উচ্চাঙ্গসংগীত শেখা শুরু হলো। মাঝেমধ্যে গুরুদেবকে একা পেলে যাদের ওপর রাগ হতো তাদের নামে নালিশও করে আসতেন। গুরুদেব শান্ত ভঙ্গিতে হেসে বলতেন, ‘আচ্ছা, আমি বলে দেব।’ একবার উদয়নে তাসের দেশ-এর রিহার্সাল চলছে। শান্তিদা সবাইকে গান শেখাচ্ছেন, মোহরদিও সেই দলে। ‘কেন নয়ন আপনি ভেসে যায়’ গানটি মোহরদি গাইছেন, শান্তিদার কিছুতেই পছন্দ হচ্ছে না। শেষে ভেংচি কেটে বললেন, ‘এহ! গাইতে পারে না আবার গানের দলে থাকা চাই!’ অপমানিত মোহরদি মহড়া থেকে বেরিয়ে উদয়নের আঙিনা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। উদীচীর বারান্দায় বসে গুরুদেব কিছু একটা লিখছিলেন। মোহরদিকে মহড়া ছেড়ে বেরিয়ে চলে যেতে দেখে ইশারায় ডাকলেন কাছে। জানতে চাইলেন, কী হয়েছে। বালিকা মোহরের গুরুদেবের কাছে কোনো সংকোচের আড়াল ছিল না। অনায়াসে কাঁদতে কাঁদতে নালিশ করলেন, জানালেন শান্তিদা কী বলেছেন। গুরুদেব একটু বিরক্তই হলেন, ‘শান্তিটাকে নিয়ে আর পারা যায় না। আয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি।’ বলে নিজেই তক্ষুনি শিখিয়ে দিলেন, বালিকার উপযোগী করে। সহজ করে দিলেন সুরটি। রয়ে গেল সে সুর মোহরদির কণ্ঠে চিরদিনের জন্য।আরও কত গল্প, কত ভালো লাগা, কত ভালোবাসা, অভিমান। বালিকা মোহরের গুরুদেবের স্নেহচ্ছায়ায় আশ্রমে বড় হয়ে ওঠার কাহিনি। শুনতে শুনতে কখন নিজেরই অজান্তে তা ছবি হয়ে উঠেছে। তাতে রং লেগেছে। প্রাণ জেগেছে। সময়ের পেছনে চলে পৌঁছে গেছি সেই ফেলে আসা সময়ে। আমার রবীন্দ্রনাথের দূরত্ব ঘুচে গেছে মোহরদির গুরুদেবে এসে। যেন তাঁকে পেয়েছি উপলব্ধির গভীরতার বাইরে স্পর্শের সীমায়। আমার গুরু মোহরদি আমাকে নিয়ে গেছেন তাঁর গুরুদেবের পদতলে।সত্তরের দশকের মাঝামাঝি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় যখন স্বমহিমায় রবীন্দ্রসংগীতের সম্রাজ্ঞীর আসনে অধিষ্ঠিত, তখন আমি সংগীতভবনে ছাত্রী হলাম। কণিকা বন্দ্যোপাধ্যায়কে সংগীতভবনের অধ্যক্ষরূপে যেদিন প্রথম দেখলাম, যেন স্বপ্নলোকের চাবি পেলাম। কী বিস্ময়! এই সেই কণিকা বন্দ্যোপাধ্যায় আমার সামনে দাঁড়িয়ে। কী অপূর্ব সুন্দরী। যেন স্বর্গ কাছে মর্ত্য যা চায় স্বরূপ পবিত্র শুভ কল্যাণী প্রতিমা। সদ্য স্নান করা, ভেজা চুল পিঠে ছড়ানো, সাদা ধরনের শাড়ি পরা, প্রসাধনহীন, নিরাভরণ। কেবল পান খাওয়া লাল ঠোঁটে মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন, ‘ওহ! তোমরা বাংলাদেশ থেকে এসেছ?’ সেই সম্বোধনে মুহূর্তের মধ্যে ‘আমার কূপ যে হল অকূল সমুদ্র, এই যে নাচে, এই যে নাচে তরঙ্গ তাহার’। তরঙ্গায়িত অক্ষরকে বেঁধে রাখি সাধ্য কি তার! আবার কাছে যাওয়ার দুঃসাহসই কি আছে!সংগীতভবনের ছাত্রী হিসেবে ক্রমে পার করি সত্তরের দশকের শেষ পাঁচ বছর। একটু একটু করে বাড়ে দেখাশোনা, ঘনিষ্ঠতা। পরিচয়ের দূরত্ব ঘুচতে থাকে ছাত্রী-শিক্ষকের সম্পর্কের মধ্য দিয়ে। নিয়মিত ক্লাস, মাঝেমধ্যে বাড়িতে গিয়ে গান শেখা, কলকাতায় মোহরদি পরিচালিত শান্তিনিকেতন দলের অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে খুলতে থাকে সম্পর্কের এক নতুন দিক। বিশ্বখ্যাত রবীন্দ্রসংগীতের ব্যক্তিত্ব কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পেতে শুরু করি ‘মোহরদি’ সম্বোধনের নৈকট্য। কিন্তু এ পর্যন্তই। সদ্য পদ্মভূষণ পাওয়া, এইচএমভি গোল্ডেন ডিস্ক পাওয়া, নানা পুরস্কারের সম্মানে, অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত কণিকার ক্ষণিক অবসরের অবকাশ নেই। ছাত্রছাত্রীদের ভালোবাসেন খুবই, অধ্যক্ষ হিসেবে খোঁজখবরও রাখেন, কিন্তু তাদের নিয়ে আলাদা করে বসার সময় নেই। শিক্ষকের আসন থেকে গুরুর আসনে মোহরদিকে পাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয় আরও এক দশক।নব্বইয়ের দশকের শুরুতে আবার ফিরে গেলাম শান্তিনিকেতনে। আমার প্রাণের আরাম, আত্মার শান্তির আশ্রমে। সেও মোহরদিরই আহ্বানে। পরম সৌভাগ্য আমার, মোহরদি হাত বাড়িয়ে ডেকে নিলেন ওঁর কাছে। উজাড় করে দিয়েছিলেন ওঁর গানের ডালি।আমার ছোট্ট দুই ছেলেমেয়ে নিয়ে মোহরদির বাড়ির পাশেই ছোট্ট একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি। দিন-রাত শুধু গানের মধ্যে ওঠা-বসা। সকাল হলেই চলে যাই মোহরদির কাছে। আমি পৌঁছানোর আগেই দেখি তিনি তৈরি হয়ে বসে আছেন আমার অপেক্ষায়। চলে গান, গল্প, শুনি রবীন্দ্র-গল্পের রূপকথা। পরিচয় হয় মোহরদির কাছেই আসা বিশিষ্টজনদের সঙ্গে। সবার কাছেই আমার পরিচয়—এটি আমার বাংলাদেশের ছাত্রী।সম্পর্কের এক নিবিড় বন্ধন তৈরি হতে থাকে। কখনো গুরু হিসেবে, কখনো অপত্য স্নেহে, কখনো সমালোচকের কাঠগড়ায়, কখনো আবার অসম এক গভীর বন্ধুত্বের আস্থার জায়গা তৈরি হয়। গুরু-শিষ্যের সম্পর্কের আসন থেকে আমরা অনায়াসে চলে আসি আরেক আসনে, শব্দে যার ব্যাখ্যা নেই।নিজের অভিজ্ঞতার আলোকে, স্নেহে, প্রেমে, আমাকে তৈরি করেন আমার আগামীর পথ চলার জন্য। রবীন্দ্রনাথকে চিনতে শেখান প্রতিটি গানের মধ্যে নিবিড় উপলব্ধি দিয়ে। আমিও এক অলিখিত দায়িত্ব আর অধিকার বোধ অনুভব করি আমার মধ্যে। যেন মোহরদি আমার।শান্তিনিকেতনে থাকার মেয়াদ শেষ হলে আমাকে ফিরে আসতে হয় ঢাকায়। কিন্তু যে বন্ধন তৈরি হয়েছিল, তা অটুট থাকে অথবা বলতে পারি আরও নিবিড় হয়ে উঠতে থাকে। প্রতি মাসে না হলেও দুই মাসের মাথায় যেতেই হতো শান্তিনিকেতনে। অপেক্ষা করে থাকতেন। প্রণাম করামাত্রই প্রথম প্রশ্ন ছিল, ‘কবে ফিরছ?’ আমাকে চাতুরীর আশ্রয় নিতে হতো সেই প্রশ্নের উত্তর এড়ানোর জন্য। প্রতি সপ্তাহে যখন ফোন করতাম, প্রথম প্রশ্ন ছিল, ‘কবে আসছ?’ আজ ভাবি, কী গভীর ভালোবাসায় চারপাশের অপরিসীম একাকিত্বের মধ্যে আমার অপেক্ষায় থাকতেন। গোরাদা (গোরা সর্বাধিকারী), রুনুদি (কণিকা বন্দোপাধ্যায়ের বোন), তানাজি পরিবারের অন্যরা সব সময় ঘিরে থাকলেও মানসিক একটা একাকিত্বের মধ্যে বাস করতেন। কোনো এক মন্ত্রবলে তাঁর সেই একাকী মনোজগতে বিচরণের সঙ্গী হতে পেরেছিলাম। কবে আমি যাব, তাঁঁর সঙ্গে বসে বসে গল্প করব। তাঁর ফেলে আসা দিনের স্মৃতি রোমন্থনের সঙ্গী হব।ক্রমেই আমিও সেই আস্থার জায়গাটি খুঁজে পেয়েছিলাম তাঁর কাছে। আমার জীবনের ওঠা-পড়ায়, দুঃসময়ে মোহরদির সামনে চোখের জলে একাকার হয়ে যখন জিজ্ঞেস করতাম, কী করব। চুপ করে গভীর অভিনিবেশে সব শুনতেন। অনেক সময় নিয়ে ধীরে ধীরে তাঁর স্বভাবসিদ্ধ শান্ত মধুর কণ্ঠে এমন কিছু বলতেন, যাতে খুঁজে পেতাম সাময়িক পথের দিশা। প্রতিবার গিয়ে দেখতাম, শরীর একটু একটু করে ভাঙছে। অসহায়, একাকী যেন জীবনের কাছেই সমর্পিত। কিন্তু তখনো স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে বাস করেন, আরেকবার বাংলাদেশে আসার স্বপ্ন ছিল আমৃত্যু। তারপর এল সেই দুঃস্বপ্নের কাল, ২০০০ সালের এপ্রিল মাস। এক মাসের রোগভোগের পর তাঁর অন্তিমযাত্রা।দিনলিপির পাতা ওল্টানো এখানেই শেষ। আজ ১০ বছর পেরিয়ে পেছন ফিরে দেখা। আমি অনেকটা পথ একা পেরিয়ে এসেছি। মাথার ওপর মোহরদির ছাতাটা সরে গেছে। কিন্তু আমি পেয়ে গেছি মাথার ওপর রবীন্দ্রনাথের অনেক বড় আকাশ। সেই আকাশে অনেক আলোর উজ্জ্বলতা, অনেক তারা পথ দেখানোর জন্য। অনেক নীল গভীর প্রশান্তি এনে দেয়। আমি এই মাটির পৃথিবীতে দাঁড়িয়ে আকাশ ধরার চেষ্টা করি। রবীন্দ্রনাথকে অন্তরে ধারণের চেষ্টা করি।