
চিত্রনাট্যের আভাস পাওয়া গিয়েছিল আগেই, প্রথম শটই ওকে। বাজিমাত করল মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির (২০১৭-১৮) নির্বাচনে জয় হলো এই প্যানেলের। স্বতন্ত্র প্রার্থীসহ তিন প্যানেলের মধ্যে সভাপতি, মহাসচিবসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন তাঁরা। বাকি ৭ পদে জয়ী হয়েছেন অন্য দুই প্যানেলের প্রার্থীরা। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ী সভাপতি গুলজার বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে দেশের প্রেক্ষাগৃহগুলোকে প্রকৃত ডিজিটালাইজড করার সরকারি উদ্যোগ বাস্তবায়নে তাগিদ দেওয়া। সিনেমার মান ফিরিয়ে আনার কাজও শুরু করতে চাই।’ চলচ্চিত্রের সব সংগঠনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন মহাসচিব বদিউল আলম।
বিজয়ী প্যানেলের অর্থ সম্পাদক আহমেদ ইলিয়াস ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন। কার্যনির্বাহী পদে শাহ আলম কিরণ, কমল সরকার, এম এ আউয়াল ও কবীরুল ইসলাম। আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু প্যানেল থেকে যুগ্ম মহাসচিব শাহিন খান, সাংগঠনিক সম্পাদক বজলুর রশীদ চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ নির্বাচিত হয়েছেন। সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব প্যানেলের চার কার্যনির্বাহী সদস্য নাজমুল হুদা মিন্টু, ছটকু আহমেদ, গাজী মাহবুব ও আহমেদ আলী মণ্ডল।