গুলশান এভিনিউ ছাড়লেন আলভী
বাংলাভিশনের প্রতিদিনের ধারাবাহিক গুলশান এভিনিউয়ের কাজ ছাড়লেন লাক্স তারকা আলভী। নাটকে তাঁর চরিত্রটির নাম ছিল লাবনী। আলভী গত ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে ধারাবাহিকটির কাজ ছাড়েন। কাজ ছাড়লেও এখনো তাঁকে নাটকটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে। আগামী বেশ কয়েকটি পর্ব পর্যন্ত অবশ্য তাঁকে দেখা যাবে বলে আলভী জানান। নাটকটির কাজ ছেড়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখা যেত মাসের প্রায় ২০-২৫ দিনই এই নাটকটির শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। ফলে পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হত। তা ছাড়া গুলশান এভিনিউয়ের জন্য আমার অন্য ধারাবাহিকগুলোর শিডিউল মেলাতে বেশ অসুবিধা হতো। তাই বাধ্য হয়ে নাটকটির কাজ ছেড়ে দিতে হলো।’ উল্লেখ্য, ২০০৯ সালের শেষ দিকে আলভী গুলশান এভিনিউয়ের লাবনী চরিত্রে অভিনয় শুরু করেন। এর আগে ওই চরিত্রে অভিনয় করতেন অভিনেত্রী তানজিকা। এবার তাঁদের জায়গায় নতুনভাবে যুক্ত হয়েছেন অভিনেত্রী রুনা খান। আলভী বর্তমানে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছেন। এগুলোর মধ্যে আছে মীর সাব্বিরের মকবুল, আল হাজেনের পাথরের কান্না, কায়সার আহমেদের ওরা কজনাসহ বেশ কয়েকটি ধারাবাহিক। আগামী সপ্তাহে আলভী কাজ শুরু করবেন ঈদের নাটকের। এতে তাঁর সহশিল্পী হলেন অপূর্ব।