গুলশান কাঁদাচ্ছে স্পেনে থাকা ফেরদৌসকে

একটি সংবাদের জন্য চিত্রনায়ক ফেরদৌসের মন্তব্য জানতে তাঁকে খোঁজা হচ্ছিলো ২৫ জুন। বারবার চেষ্টা করা হলো, কিন্তু ফোন ছিল বন্ধ। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়ে জানতে চেয়েছিলাম, ‘আপনি কোথায়?’
কিছুক্ষন পরই উত্তর এলো, ‘আমি তো লন্ডনে’।
:কবে গেলেন?
:মাত্রই ল্যান্ড করলাম।
:শুটিং?
: না, শুধুই বেড়ানো।
গতকাল শনিবার রাতে আবার যখন কথা হয় ফেরদৌসের সঙ্গে তখন তিনি স্পেনে। জানালেন, স্ত্রী তানিয়া ও দুই সন্তান নুযহাত আর নামিরাকে নিয়ে এই মুহূর্তে তিনি আছেন স্পেনে।
নিজে থেকেই তুললেন গুলশান প্রসঙ্গ। বললেন, ‘পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে এসেছি মনটাকে আরও ভালো করার জন্য। বেড়ানো শেষ হলে আবার নতুন উদ্যমে কাজ শুরু করব—এই ছিল ভাবনা। কিন্তু স্পেনে এসে ঢাকায় ঘটে যাওয়া ভয়াবহতার খবরটা শুনে খুব কষ্ট পাচ্ছি। টিভিতে সারাক্ষণই দেখছি ঢাকার ঘটনা। আমি চোখের পানি আটকে রাখতে পারছি না। ঢাকার অভিজাত ও সবচেয়ে নিরাপদ এলাকায় এই ধরনের নৃশংস ঘটনা কী করে ঘটল, আমার তা মাথায় আসছে না।’
কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে ফেরদৌস বলেন, ' আমাদের তো শেনজেন ভিসা। এখানে কটা দিন থেকে ঈদের আগে আবার যুক্তরাজ্যের লন্ডনে যাব। ঈদ সেখানে কাটবে। তারপরই দেশে ফিরব।’