গুলশান হোসেনের ‘অনুভবে রাশিয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল গুলশান হোসেনের। মনের খেয়ালে ক্যানভাসে মুঠো মুঠো রঙের প্রলেপ দিতে দিতে একসময় শিল্পী হয়ে ওঠেন। রঙেই তাঁর আনন্দ, রং নিয়েই খেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে পরে চিত্রকলায় পড়াশোনা করেন। এরপর যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উইনচেস্টার স্কুল অব আর্ট থেকে পেইন্টিং ও ড্রয়িংয়ে এমএফএ ডিগ্রি নেন। গতকাল রাজধানী গুলশান এলাকায় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের বাসায় শুরু হয়েছে তাঁর একক চিত্রকলা প্রদর্শনী ‘অনুভবে রাশিয়া’। গেল বছর রাশিয়ায় ‘আন্তর্জাতিক আর্ট সিম্পোজিয়াম’ শীর্ষক চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬৩ জন প্রতিযোগীর মধ্যে গুলশান হোসেন প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। গতকাল শুরু হওয়ার প্রদর্শনীটির উপলক্ষ মূলত সেই অর্জন। প্রদর্শনীটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি। উপস্থিত ছিলেন রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ্।প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা ২৬টি শিল্পকর্ম। ছবিগুলোতে শিল্পী গুলশান হোসেন প্রকৃতির ভাব মেখেছেন তুলিতে। তাঁর ক্যানভাসে প্রকৃতি থেকে পাওয়া মুঠো মুঠো রঙের প্রলেপ। বিমূর্ত কিংবা আধা বিমূর্তধারায় আঁকা ছবিগুলোর অনন্তে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। আছে মুক্তিযুদ্ধ কিংবা শৈশবের স্মৃতি, সাঁওতাল মেয়ের কথোপকথন। রাশিয়ার প্রতিযোগিতা বিষয়ে শিল্পী গুলশান হোসের জানান, প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় রাশিয়ার পেনজা শহরে। সেখানে প্রদর্শিত মিশ্র মাধ্যমে আঁকা গুলশানের শিল্পকর্মটির শিরোনাম ছিল ‘প্রতিচ্ছবি’। প্রথম পুরস্কার লাভ করে এটি এবং একই সঙ্গে সিম্পোজিয়াম তারকাও নির্বাচিত হন গুলশান হোসেন।