গুলাম আলীর সান্নিধ্যে বেবী
গত বৃহস্পতিবার তাঁর অনুরাগী শ্রোতাদের গান শোনাতে ঢাকায় এসেছিলেন উপমহাদেশের প্রখ্যাত গজল শিল্পী ওস্তাদ গুলাম আলী। কথা ছিল সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে গান গান করবেন। গাইতেও শুরু করেছিলেন তিনি। কিন্তু আয়োজকদের অব্যবস্থাপনার কারণে শুরুতেই গান থামাতে হয়েছে তাঁকে। মাত্র দুটি গান গেয়ে উপস্থিত দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থনা করে মঞ্চ থেকে নেমে যান তিনি। অন্যদের মতো সেদিন গুলাম আলীর গান শুনতে উপস্থিত হয়েছিলেন আমাদের সংগীততারকা বেবী নাজনীন। অনুষ্ঠান শুরুর বেশ কিছুক্ষণ আগে ওস্তাদ গুলাম আলীর সঙ্গে কথা বলার সুযোগ হয় গুণী এই সংগীতশিল্পীর। তাঁর সান্নিধ্যে থেকে বেশ কিছুক্ষন সময় কাটান তিনি।এ সম্পর্কে বেবী নাজনীন বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে তাঁর মতো একজন গুণী শিল্পীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। এটি তাঁর সঙ্গে আমার তৃতীয়বারের মতো দেখা। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয় ঢাকার শিল্পকলা একাডেমীর একটি অনুষ্ঠানে। তাও প্রায় ১৫ বছর আগে। দ্বিতীয়বার দেখা হয় ভারতে একটি সম্মেলনে। সেটিও সাত-আট বছর হবে।’বেবী নাজনীন আরও বলেন, তাঁর মতো একজন গুণীর শিল্পীর সান্নিধ্য পাওয়ার পাশাপাশি একধরনের লজ্জাবোধও কাজ করছে। কারণ তাঁর মতো গুণী শিল্পীকে এমন ত্রুটিপূর্ণ আয়োজনে আমন্ত্রিত করা ঠিক হয়নি।বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘গজল লিজেন্ড গুলাম আলী নাইট’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ওয়েব এন্টারটেইনমেন্ট লিমিটেড।