গৃহশিক্ষক মোশাররফ
ভালোবাসার মানুষকে কাছে পেতে কত ত্যাগই না স্বীকার করে মানুষ। মোশাররফ করিমকে অবশ্য খুব বেশি কায়িক শ্রম দিতে হয়নি। তিনি শখের প্রেমে পড়ে তাঁর বাড়িতেই গৃহশিক্ষক হয়েছেন। শখের ভাই অঙ্কে কাঁচা। তাকে অঙ্ক করাতে হবে। বিপত্তি এখানেই। মোশাররফ বাংলার ছাত্র। নিরুপায় হয়ে অঙ্কের সমাধান কিনে আনতে হয় তাঁকে। গৃহশিক্ষক হয়ে শখের সঙ্গে চুটিয়েই প্রেম করছিলেন মোশাররফ। কিন্তু যখনই অঙ্কের আসল শিক্ষক বাড়িতে ঢোকেন, তখনই বিপদে পড়েন মোশাররফ। বাড়িতে পুলিশ আসে। না পালিয়ে উপায় থাকে না তাঁর। গৃহশিক্ষক হওয়ার মজাটাও টের পান হাড়ে হাড়ে।এটি একটি বিরহের জন্য নাটকের গল্প। এ নাটকেই মোশাররফ গৃহশিক্ষকের চরিত্রে কাজ করেছেন। বললেন, ‘জীবনে অনেক ধরনের চরিত্রে কাজ করেছি। কিন্তু গৃহশিক্ষকের চরিত্রে এবারই প্রথম। আর এ নাটকের মাধ্যমেই আমি আবুল হায়াতের পরিচালনায় প্রথম কাজ করলাম।’ মোশাররফ জানালেন, আনিসুল হকের রচনায় এ নাটকটি ঈদের জন্য নির্মাণ করেছে কারিগরি সৃজন প্রতিষ্ঠান।