মাছরাঙা টিভিতে আজ রাতে প্রচারিত হবে পারিবারিক গেম শো হারি জিতি নাহি লাজ। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন খাইরুল ইসলাম। পাশাপাশি তিনি অভিনয় করছেন একই চ্যানেলের ধারাবাহিক নাটক ক্ষণিকালয়-এ। কথা হলো তাঁর সঙ্গে।অনুষ্ঠানের নাম ‘হারি জিতি নাহি লাজ’ কেন?এটা কিন্তু একটা প্রবাদ। অনুষ্ঠানটির মধ্য দিয়ে সবাইকে প্রবাদটি আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা থাকে। যাতে জীবনযুদ্ধে পরাজিত হয়ে কেউ মুষড়ে না পড়েন, হতাশ না হন। মাছরাঙা টিভির শুরু থেকে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। যে পরিবার যত নম্বর পাবে, পুরস্কার হিসেবে তাদের সেই পরিমাণ টাকা দেওয়া হয়। আপনি তো এ ধরনের গেম শো আরও করেছেন।আমি গেম শো আর কুইজের অনুষ্ঠান বেশি করি। শুরুটা হয়েছিল গেম শো তাৎক্ষণিক (চ্যানেল আই) দিয়ে। এরপর করেছি হিং টিং ছট (বিটিভি), লাগ ভেলকি লাগ (বাংলাভিশন)। কুইজ অনুষ্ঠানগুলো হলো মেধাবী (বিটিভি) ও রোল নাম্বার ওয়ান (বৈশাখী টিভি)। এ ধরনের অনুষ্ঠান করার ব্যাপারে আপনার আগ্রহ হলো কেন?সবাই নাটক নির্মাণের দিকেই বেশি জোর দেন। কিন্তু একটা গেম শো কিংবা কুইজের অনুষ্ঠান থেকেও দর্শক অনেক বিনোদন পেতে পারে, আমি সেই চেষ্টাটাই করছি। বিনোদন পাওয়ার পাশাপাশি দর্শকের মেধার চর্চা হয়। ‘দ্য টেম্পেস্ট’ নাটকের খবর কী?ঢাকা থিয়েটার থেকে লন্ডনে গ্লোব থিয়েটারে নাটকটির প্রদর্শনী করে এসেছি। গ্লোব থিয়েটারের পর ঢাকায় নাটকটির প্রথম প্রদর্শনী হবে ২৫ আগস্ট।