সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস ও নিজের ব্যক্তিগত জীবন থেকে নেওয়া যুদ্ধের অভিজ্ঞতা অবলম্বনে নাসির উদ্দীন ইউসুফ নির্মাণ করছেন মুক্তিযুদ্ধের ছবি গেরিলা। শুটিং লোকেশন সোনারগাঁয়ের পানামনগর থেকে ঘুরে এসে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।দৃশ্য: ১গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফাঁকা রাস্তা, লোকজন নেই বললেই চলে। পুরো শহর থমথমে। গেরিলা যুদ্ধ শুরু হয়ে গেছে সারা শহরে। দু-একজন মানুষকে তাড়াহুড়ো করে হাঁটতে দেখা যাচ্ছে রাস্তায়। সবার মধ্যে ব্যস্ততার ভাব। জরুরি কাজ শেষ করে বাড়ি ফেরার তাড়া সবার মধ্যে। অনেক সময় পরপর টুং টাং শব্দ করা দু-একটা রিকশা চোখে পড়ে। মুচি, রিকশা মেরামতকারী, দিনমজুর বিভিন্ন পেশার লোকজন নিতান্তই প্রয়োজনে কাজ করতে নেমেছেন রাস্তায়। একটু এগোতেই দেখা গেল, তিনজন লোক হেঁটে ১৭ নম্বর সর্দার লেনের তসলিম ভবনের গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। পাশের রাস্তা দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে গেলেন দুজন লোক। আতঙ্কিতভাবে বাজার নিয়ে ফিরছেন একজন। গেটের সামনেই কতগুলো খালি রিকশা রাখা। গেট পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলেন লোকগুলো। কাট! কাট বলার সঙ্গে সঙ্গে ১৯৭১ সালের ঢাকা শহরের সর্দার লেনের রাস্তা থেকে ফিরে এলাম সোনারগাঁয়ের পানামনগরে। দৃশ্য: ২‘নিজে মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধে অংশ নিয়েছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ঢাকা শহর খুব কাছ থেকে দেখেছি। বাস্তবজীবনের সেই অভিজ্ঞতা এবং সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস নিয়ে তৈরি করছি এই ছবিটি’ গেরিলা ছবি নিয়ে এভাবেই বললেন পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।তিনি জানান, গেরিলা ছবিটি মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে তৈরি করা হচ্ছে। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান-এর মূল চরিত্র বিলকিস। গেরিলা ছবিতে বিলকিসের চরিত্রটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিলকিস চরিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান। বিলকিস মুক্তিযুদ্ধের সময় প্রথম অবস্থায় কিছুদিন ঢাকায় থাকেন। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেন। তাঁর ভাইও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষণ নিতে ভারতে চলে যান। বিলকিস মুক্তিযুদ্ধকালীন গান গাওয়ার কাজে সাহায্য করেন। যুদ্ধকালীন গেরিলা পত্রিকা বের করেন। যুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা যোদ্ধাদের অস্ত্র দিয়ে সাহায্য করেন। পরিচালক আরও বলেন, একসময় ঢাকার পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে বিলকিস মেলাঘর যাওয়ার জন্য রওনা হন একজন সঙ্গীকে নিয়ে। পথে সঙ্গীটি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পরিস্থিতির শিকার হয়ে বিলকিসকে রংপুরে চলে যেতে হয়। সেখানে বিভিন্ন সংকটময় অবস্থার মধ্যে পড়েন বিলকিস। তিনি জানান, এভাবেই এগিয়ে যায় গেরিলা ছবির কাহিনি। জয়া আহসান ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন এ টি এম সামসুজ্জামান, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম, জয়শ্রী কর জয়াসহ আরও অনেকে। গেরিলা ছবির সহকারী পরিচালক নুরুল আলম আতিক। দৃশ্য: ৩ আরেকটি দৃশ্যের জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে নতুন করে। মুদি দোকান, সকালে দোকানি দোকান ঘুছিয়ে নিচ্ছেন। চায়ের জন্য অপেক্ষা করেন তসলিম সর্দারের বাড়ির চাকর তৈয়ব (আজাদ আবুল কালাম)। সর্দার বাড়ি থেকে রুটি নিতে আসে সর্দার বাড়ির মেয়ে। দোকানি, চাকর তৈয়ব ও মেয়েটির মধ্যে দৃশ্যটি শুটিং করা হবে এবার। লাইট, ক্যামেরা ঠিক করার পর শুরু হয় শুটিং। দু-তিনবারের চেষ্টায় ধারণ করা হয় দৃশ্যটি। সর্দার বাড়ির চাকর তৈয়ব চরিত্রের আজাদ আবুল কালাম বলেন, আমি তসলিম সর্দারের (এ টি এম শামসুজ্জামান) বাড়িতে কাজ করি। সরাসরি যুদ্ধ না করলেও তসলিম সর্দার মুক্তিযুদ্ধের পক্ষের লোক। অন্য চাকরের মতো আমিও মালিককে ভালোবাসি। কিছুটা বোকা হওয়ার কারণে যুদ্ধে রাজাকারদের ক্ষমতা দেখে ও তাদের প্ররোচনায় রাজাকারের সঙ্গে থাকি। তাঁর ভাষায়, তাঁর চরিত্রটি ছোট কিন্তু অনেক গুরুত্বর্পূণ। ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি দেওয়ার কথা চিন্তা করে তৈরি করছি ছবিটি,’ বললেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি জানান, গেরিলা ছবি শুটিংয়ের জন্য ৬৫ দিন নির্ধারণ করেছি। আশা করি, সময়মতো ছবির কাজ শেষ করতে পারব। এই প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের জন্য তৈরি করছি গেরিলা। তরুণদের কাছে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই আমরা সচেতন একটি প্রজন্ম পাব। বিলকিস চরিত্রের জয়া আহসান বলেন, অনেক ভালো লাগা থেকে গেরিলা ছবিটি করছি। আমি মুুক্তিযুদ্ধ দেখিনি। ১৯৭১ সালের একজন মেয়ে তখনকার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তা অনুভব করছি গেরিলা ছবিতে অভিনয় করে।দৃশ্য: ৪ দেয়ালে দেয়ালে লেখা ‘পাকিস্তান জিন্দাবাদ, শান্তিবাহিনীতে মিলাও হাত।’ দু-এক বাড়ি পরপর পাকিস্তানের পতাকা টানানো। শান্তিবাহিনীর কার্যালয়ের সামনে একটি সাইনবোর্ড লাগানো। শান্তিবাহিনীর অফিস থেকে কিছুদূর এগোলেই বাখরখানির দোকান। দোকানের সামনেই সিনেমা হলে চলছে উর্দু সিনেমা। হলের সামনে উর্দু ছবির পোস্টার লাগানো। সর্দার লেনের নামসংবলিত বিভিন্ন দোকানে নামসহ সাইনবোর্ড লাগানো। নগরে প্রবেশ করলে যে কারোর মনে হবে যুদ্ধের সময়ে পুরান ঢাকার কোনো মহল্লায় ভুল করে ঢুকে গেলাম না তো? গেরিলা ছবির শুটিংয়ের জন্য সোনারগাঁয়ের প্রাচীন পানামনগরকে ১৯৭১ সালের পুরান ঢাকার একটি মহল্লার আদলেই সাজানো হয়েছে। দৃশ্য: ৫ আগের রাতের গোলাগুলির কারণে বেলা বেড়ে যাওয়ার পরও রাস্তাঘাট অনেক ফাঁকা। বিলকিস রিকশায় করে সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছেন। গোলাগুলিতে রাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত তিনজন নিরীহ বাঙালির লাশ পড়ে আছে শান্তিবাহিনীর অফিসের পাশে। এমন একটি দৃশ্য ধারণের জন্য সবার অপেক্ষা। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। আকাশের মন তখনো ভালো হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেই যাচ্ছে। বৃষ্টি শেষে নতুন আলো আসার অপেক্ষায় ইউনিটের সবাই। আমাদেরও মুষলধারে বৃষ্টি নামার আগেই ঢাকায় ফিরতে হবে।