গেরিলার সঙ্গে এক সন্ধ্যা
নন্দনে সে দিনের সন্ধ্যাটা ছিল সত্যিই অন্য রকম। পৃথিবীর নানা প্রান্তের নামজাদা নির্মাতা কলাকুশলীরা জড়ো হয়েছেন এই সাংস্কৃতিক কেন্দ্রে। খানিক পর উৎসবের একমাত্র পুরস্কারটি ঘোষণা হবে। উত্তেজনার আঁচ তো খানিকটা থাকেই। কিন্তু নাসির উদ্দীন ইউসুফ সেদিক থেকে বেশ খানিকটা নির্ভার। ১৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) পুরস্কারের দৌড়ে গেরিলা আছে বটে। কিন্তু পুরস্কার জয়ের আশা তিনি অন্তত করছেন না। তিনি বসেছেন তৃতীয় সারিতে। ছয়টার কাছাকাছি বাজে। সমাপনী অনুষ্ঠানের মঞ্চ থেকে জানানো হলো, এখন নেটপ্যাক পুরস্কার ঘোষণা করবেন সন্দীপ রায়। নাসির উদ্দীন ইউসুফ মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়েছিলেন ওই সময়টায়। সে কারণে সন্দীপ রায়ের ‘বাংলাদেশের ছবি গেরিলা’ কথাটা ঠিক পুরোপুরি শুনতে পেলেন না। যখন খেয়াল হলো, দেখলেন পুরো হল ফেটে পড়ছে তালির শব্দে। বিস্ময়াভিভূত হয়ে উঠে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে হাত নাড়লেন তিনি। কিন্তু আদতেই কি এই উৎসবে নেটপ্যাক অ্যাওয়ার্ড বা এশিয়ার সেরা ছবির পুরস্কার প্রাপ্তিটা অপ্রত্যাশিত ছিল? ‘গেরিলার প্রতিদ্বন্দ্বী বাকি ছবিগুলোও আমি দেখেছি। কোরিয়া, ইরান, চীনের মতো দেশের ছবি ছিল সেখানে। বিশেষ করে, ইরান থেকে যে ছবিটা এসেছে (এ মিটিং) সেটা তো অসাধারণ লেগেছে আমার। তাই আমি অন্তত আশাবাদী ছিলাম না।’ গত ১৭ নভেম্বর সন্ধ্যার কথা বলছিলেন নাসির উদ্দীন ইউসুফ। তাঁর পুরানা পল্টন লেনের বাড়িতেও তখন আদতে সন্ধ্যা নামছে। বাইরে অন্ধকার গাঢ় হচ্ছিল আর সরব হয়ে উঠছিল গেরিলা ছায়াছবির মুখ্য মানুষজনের সঙ্গে আমাদের সান্ধ্য আসর। ততক্ষণে পুরানা পল্টনের ঠিকানায় পৌঁছে গেছেন গেরিলা ছায়াছবির কেন্দ্রীয় চরিত্র বিলকিস (জয়া আহসান)। এসেছেন বিলকিসের নিখোঁজ স্বামী হাসান (ফেরদৌস)। ছবির সংগীত পরিচালক, পোশাক ডিজাইনার শিমূল ইউসুফ আর প্রযোজকদের একজন এশা ইউসুফ ছিলেন বাড়িতেই। পুরস্কারপ্রাপ্তির খবরটা সবার আগে এসএমএস করে নাসির উদ্দীন ইউসুফ জানিয়েছেন স্ত্রী শিমূল ইউসুফকে। শিমূল তখন ঢাকায়। মঞ্চের পেছনে। খানিক পরই তাঁর বিনোদিনী শুরু হবে। স্বামীর মতো গেরিলার পুরস্কারপ্রাপ্তি অপ্রত্যাশিত ছিল, সেটা অবশ্য কিছুতেই মানতে রাজি নন শিমূল। বলছিলেন, ‘ শুরু থেকেই একটা ধারণা ছিল, আমরা পুরস্কারটা পেয়েও যেতে পারি।’ জয়া আহসান খবরটা পেয়েছেন কলকাতা থেকেই। নির্মাতা-প্রযোজক অরিন্দম শীল ফোন করে জানিয়েছেন সুখবরটা। মাস খানেক আগে অরিন্দমের আবর্ত ছবিতে চারু চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অরিন্দমের ‘চারু’কে ঘিরে বাড়তি আগ্রহ ছিল কলকাতার সংবাদমাধ্যমগুলোর। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জয়া ফিরে এসেছিলেন ঢাকায়। আর ফেরদৌস? তখন শুটিং করছিলেন কলকাতা থেকে দূরের একটা জায়গায়। সেখানেই তাঁর এক প্রযোজকের ফোন—‘তুমহারা গেহরিলা...অ্যাওয়ার্ড মিলা..।’ ফেরদৌসকেই কষ্ট করে বুঝে নিতে হয়েছে আসলে গেরিলার পুরস্কারপ্রাপ্তির খবরটা তাঁকে দিতে চাইছেন মাড়ওয়ারি ভদ্রলোক। সাফল্য উদ্যাপনের আড্ডায় আলগোছে চলে আসে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান প্রসঙ্গ। টিম গেরিলা অন্তত মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের অনেকেই বেশ আন্তরিক আর ইতিবাচক এই আদান-প্রদানের ব্যাপারে। আলাপের ফাঁকে এ সাফল্যের জন্য যাঁদের কাছে ঋণী, সেটা স্বীকার করতে ভোলেন না গেরিলা ছবির কাণ্ডারি নাসির উদ্দীন ইউসুফ, ‘জয়া অসাধারণ অভিনয় করেছে, এ টি এম শামসুজ্জামানের সর্দার চরিত্রটা কলকাতায় বেশ আলোচিত হয়েছে। শতাব্দী যে আদতে পাকিস্তানি মেজর নয়, সেটা বহু লোক বিশ্বাসই করতে চায়নি। ফেরদৌস, পীযূষ, পাভেল, কামাল...পুরো দলের কাছেই আমার কৃতজ্ঞতার শেষ নেই।’ এবারই কলকাতা উৎসবে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নেটপ্যাক পুরস্কার। প্রথম পুরস্কারটাই পেয়েছে বাংলাদেশের ছবি। টাইমস অব ইন্ডিয়া, আনন্দ বাজারসহ বহু পত্রিকায় ফলাও করে বেরিয়েছে গেরিলা নিয়ে আলোচনা। নেটপ্যাক পুরস্কারের সনদে গেরিলাকে আখ্যায়িত করা হয়েছে, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া গণহত্যাকে তুলে ধরার এক সাহসী চেষ্টা’ হিসেবে। ১৯৭১ সালে জীবন বাজি রেখে লড়েছেন সম্মুখ সমরে। মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করার আরেক যুদ্ধে নেমেছিলেন। তাঁরই ফসল গেরিলা কলকাতা চলচ্চিত্র উৎসবের মতো এক বিশ্ব আসরে আরও একবার তুলে ধরেছে এক অকথিত সত্য, ’৭১ সালে এই বাংলার মাটিতে পাকিস্তানি বাহিনী আর তার দোসরদের পরিচালিত গণহত্যার ভয়াবহতা। এক জীবনে এর চেয়ে বেশি আর কিইবা চাইতে পারেন একজন নির্মাতা?