গেরিলায় অতিথি চরিত্রে ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন বসে থাকার পর ছবিতে কাজ করছি। তাও মূল চরিত্র নয়, অতিথি চরিত্রে। আর এ জন্য কস্টিউম তৈরির কাজে ব্যস্ত এখন।’ কথাগুলো বলেই হেসে ফেললেন ফেরদৌস। নাসিরউদ্দিন ইউসুুফের পরিচালনায় ‘গেরিলা’ ছবিতে ফেরদৌসকে দেখা যাবে জয়া আহসানের স্বামীর চরিত্রে। ছবিটিতে ফেরদৌস একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ‘গেরিলা’ ছবিতে কাজ করার ব্যাপারে ফেরদৌস বলেন, ‘ছবিটিতে কাজ করার সুযোগ পেয়ে আমি আসলে খুবই আনন্দিত। যদিওবা এটি অতিথি চরিত্র। আমার আসলে বাচ্চু ভাইয়ের (নাসিরউদ্দিন ইউসুফ) সঙ্গে আগে কখনো কাজ করা হয়নি। তাঁর মতো একজন বড় মাপের পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান বলেই মনে হচ্ছে।’‘গেরিলা’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য কাল সকালেই রংপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন ফেরদৌস। সেখানে তিন দিন শুটিং করেই ঢাকায় ফিরবেন তিনি। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে ‘গেরিলা’ ছবিটি নির্মিত হচ্ছে।ফেরদৌস বর্তমানে কলকাতার ছবিতে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। ঢাকার ছবিতে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন শাহনেওয়াজ কাকলির ‘জলরং’ ছবিতে।