গেল সন্ধ্যার গানলামি

যেন কেউই মেনে নিতে পারছেন না ব্যাপারটা। কবিতার চিত্রকল্পের গবেষক ও কবির এ কী পাগলামি! কবি হিসেবে প্রচুর সাড়া ও আশকারা পেয়েছেন সরকার আমিন। তাই বলে গান? আবার গানও নয়। কবিতাগুলোকে গেয়েছেন মাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে ধার করেছেন ‘কবিতার সহচর সংগীতকে শাস্ত্রের লৌহকারা হইতে মুক্ত করিয়া উভয়ের মধ্যে বিবাহ দেওয়া হোক’ ধারণাটি। এবং গত সন্ধ্যায় সম্পন্ন হলো সেই বিবাহ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় জড়ো হয়েছিলেন নানা অঙ্গনের ও পেশার মানুষেরা। পেশায় কেউ বিশ্ববিদ্যালয় শিক্ষক, কেউ কবি, কেউ সরকারি চাকুরে আবার কেউ বা পুলিশের কর্মকর্তা। তাঁদের সবার মধ্যে একটিই মিল, তাঁরা সবাই সরকার আমিনের কবিতা ও পাগলামি ভালোবাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিন যে কোনো তরুণের থেকেও সরব। বাংলা ব্লগের শুরু থেকেই এই মাধ্যমটিকে তিনি ব্যবহার করেছেন কবিতা প্রকাশের নতুন প্ল্যাটফর্ম হিসেবে। নিজের প্রিয় কবিতাগুলোকে গেয়ে সেগুলো ইউটিউবে সংরক্ষণ করেছেন বন্ধুদের জন্য। তাঁর স্ত্রী, সহচর, কথাশিল্পী শাহনাজ মুন্নি এর নাম দিয়েছেন ‘গানলামি’। আমিনের গানলামির সংকলন ‘চিকিৎসা’ সিডির মোড়ক খোলা হল গত সন্ধ্যায়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি মনজুরে মওলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আকরম হোসেন, বেগম আকতার কামাল, কবি নির্মলেন্দু গুণ, অসীম সাহা, কামাল চৌধুরী, ওবায়েদ আকাশ, মাহবুব আজিজ, কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, শিল্পী সমর মজুমদার, নাট্যব্যক্তিত্ব খায়রুল আনাম সবুজ, ভ্রমণ লেখক শাকুর মজিদ, সাইমন জাকারিয়া, শোয়াইব জিবরান প্রমুখ।
সৈয়দ আকরম হোসেন বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলো পাগলেরাই করেছে। মুক্তিযুদ্ধ সেরকম একটি। পাগলেরাই সৃষ্টিশীল কাজ করে, আমিনের গানলামিও তাই। গান হোক বা না হোক, ওর এই পাগলামি আমার ভালো লেগেছে।’
নির্মলেন্দু গুণ বলেন, ‘অ্যালেন গিন্সবার্গ নিজেও “সেপ্টেম্বর ইন যশোর রোড” কবিতাটা গেয়েছিলেন, আমাকে শুনিয়েছিলেনও। আমিনের গানলামি হোক আর পাগলামি হোক, সেসব আমার ভালো লেগেছে।’ উপস্থিত অতিথিদের উদ্দেশে সরকার আমিন বলেন, ‘আমি কখনোই বিবাহবার্ষিকী বা জন্মবার্ষিকীর আয়োজন করি না। সিডির মোড়ক খোলা উপলক্ষ মাত্র, আসল উদ্দেশ্য ফেসবুক বন্ধুদের সঙ্গে মোলাকাত।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকার আমিনের স্ত্রী ও নিউজ টোয়েন্টি ফোর-এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘কবি সুনীল গঙ্গোপাধ্যায় গান গাইতে না পারার আফসোস নিয়ে মরে গেছে। আমি চাইনি আমিনের সেই আফসোস থাকুক। গত কাল পঞ্চাশে পা রেখেছে সে।’