
জিজ্ঞেস করলাম কয়েকজন তরুণকে, অভিনেতা ওমর শরিফকে চেনো?
স্মার্ট উত্তর দিল দুজন, এখন বাংলা সিনেমা দেখি না।
অন্যরা সরল মনে কবুল করে নিল, ওমর শরিফ নামে কোনো অভিনেতার কথা তারা পড়েওনি কোনো দিন, শোনেওনি কোনো দিন।
তাতে অবশ্য মহাভারত অশুদ্ধ হয়ে গেল না। গত শতাব্দীর ষাটের দশকে মিসরীয় এক সুঠাম সুপুরুষ জয় করে নিয়েছিলেন ইংরেজি সিনেমার জগৎ, সে কথা এখন না জানলে কার কী এসে-যায়? ওঁকে আবার টেনে আনা কেন? কত কিছুই তো অতীত হয়ে গেছে, অতীত নিয়ে পড়ে থাকলে কি চলবে? অতীত তো ওই বুড়োদের দখলে, রোমন্থন করে করে লেবুটাকেই তেতো করে তোলেন যাঁরা!
সুতরাং, আলোচনা থেকে বাদই থাকতে পারতেন সদ্য প্রয়াত হওয়া ওমর শরিফ। ৮৩ বছর বয়সে কায়রোর একটি হাসপাতালে গত ১০ জুলাই তিনি মারা গেলেন, তাতেই কি তিনি আলোচনায় আসার যোগ্য হয়ে উঠলেন? আর মিডিয়ার কাণ্ড দেখো! বিশ্বের তাবৎ বড় পত্রিকা, টেলিভিশন, রেডিও আর অনলাইন পত্রিকা তাঁর মৃত্যুতে শোকাহত হয়ে লিখে ফেলল কত কিছু!
কিন্তু কেন? বহুদিন ধরেই তো ওমর শরিফ আর আলোচনায় ছিলেন না। যদিও ২০০৬ পর্যন্ত চালিয়ে গেছেন অভিনয়। তবু একসময় তো অভিনয়ের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছিলেন তাসের আড্ডা আর জুয়া। দারুণ সব চরিত্রে অভিনয়ের পর একসময় তো অকিঞ্চিৎকর চরিত্রে অভিনয় করে হতাশও করেছেন চলচ্চিত্রবোদ্ধাদের। উদাহরণ হিসেবে চে সিনেমাটার কথাই তো বলা যায়। অসামান্য এই বিপ্লবীর চরিত্রে অভিনয় করে তো দুর্নামই কুড়িয়েছেন তিনি। ছবিটা মোটেও ভালো হয়নি।
তাহলে কেন ওমর শরিফ?
আসলে ষাটের দশকে ডেভিড লিনের দুটো ছবিতে যে অনবদ্য অভিনয় করলেন ওমর, তা-ই তাঁকে চলচ্চিত্রজগতে অমর করে রাখল। গোঁফওয়ালা এই স্মার্ট মিসরীয় তখন প্রকৃত অর্থেই ইউরোপীয় নারীদের হৃৎকম্পনের অন্য নাম হয়ে উঠলেন। শুধু কি ইউরোপ? আরব নয়? মিসরীয় চলচ্চিত্রেও একাধারে অনেক ভালো ছবিতে অভিনয় করে সেখানকার মানুষের মনও কেড়েছিলেন তিনি। মিসরেই তো আসলে মিশেল দিমিত্রি শালগুব নামের এই অভিনেতার জন্ম। ১৯৫৩ সালে মিসরের দ্য ব্লেজিং সান চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ফাতেন হামামার বিপরীতে। তাঁর সঙ্গেই পরিণয়। ১৯৫৫ সালে তাঁকে বিয়ে করার জন্য গ্রিক ক্যাথলিক শালগুব হয়ে গেলেন ওমর আল শরিফ। সে বিয়ে টিকল ১৯৭৪ সাল পর্যন্ত। তবে এরই মধ্যে বারবারা স্ট্রেইস্যান্ড, আভা গার্ডনার, ক্যাথরিন হেপবার্নের সঙ্গে মন দেওয়া-নেওয়ার গুজব রটে গিয়েছিল। তার কতটা সত্য, কতটা মিথ্যে, সে হিসাবে আমরা নাই-বা গেলাম।
১৯৬২ সালে ডেভিড লিন নির্মাণ করলেন দ্য লরেন্স অব অ্যারাবিয়া ছবিটি। এ ছবির নামভূমিকায় ছিলেন মায়াবী নীল চোখের অধিকারী অভিনেতা পিটার ও’টুল। আর শেরিফ আলী চরিত্রে ওমর শরিফের সেটাই ছিল ইংরেজি চলচ্চিত্রে অভিষেক। অভিষেক ছবিতেই তিনি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন আর পেয়ে যান গোল্ডেন গ্লোবের শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতার পুরস্কারটাও। শুরুতেই মাতিয়ে দেওয়া এই অভিনেতা ডেভিড লিনেরই পরবর্তী ছবি ড. জিভাগোয় অনবদ্য অভিনয় করে গোল্ডেন গ্লোবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটিও জিতে নেন। এ ছবি নির্মিত হয়েছিল ১৯৬৫ সালে। এতেই হলিউডের সেরা অভিনেতাদের সারিতে স্থায়ী আসন পেয়ে যান ওমর শরিফ।
হলিউড গোঁফওয়ালা সুদর্শন অভিনেতা কমই দেখেছে। ওমর শরিফ ছিলেন তাঁদেরই একজন।
শুরুর প্রশ্নে ফিরে যাই। ওমর শরিফকে না চিনলে মহাভারত অশুদ্ধ হয় না।
কিন্তু প্রশ্ন থেকে যায়। তাহলে আমরা এখনো লুমিয়ের ব্রাদার্স নিয়ে মেতে থাকি কেন? এ প্রশ্নের জবাবও তো পেতে হবে তবে!