গোটেবর্গে প্রশংসিত 'মাই বাইসাইকেল'

সুইডেনের গোটেবর্গ চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মর ঠেংগারি’ বা ‘মাই বাইসাইকেল’। উৎসবে চাকমা ভাষায় নির্মিত ছবিটির চারটি প্রদর্শনী হয়েছে। পরিচালক অং জানিয়েছেন, এ ছবির চারটি প্রদর্শনীর মধ্যে তিনটি প্রদর্শনীই ছিল হাউসফুল।
২৯ জানুয়ারি শুরু হওয়া গোটেবর্গ চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। উৎসবে ‘মর ঠেংগারি’ ছবিটি নিয়ে অংশ নিয়েছেন অং। শনিবার দেশে ফিরেছেন তিনি। আজ সোমবার সকালে অং বলেন, ‘৩০, ৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি এই চার দিনে আমার ছবির চারটি প্রদর্শনী হয়েছে। সব কটি প্রদর্শনীর শেষেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক মন্তব্য শুনেছি। এই উৎসবে শ পাঁচেক ছবির প্রদর্শনী হয়। সব ছবির প্রদর্শনী হাউসফুল হয় না। সেদিক থেকে আমার ছবির তিনটি প্রদর্শনীর সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। এটা খুবই ইতিবাচক ঘটনা।’
‘মাই বাইসাইকেল’ ছবিটি গোটেবর্গ উৎসবে ‘নিউ ভয়েসেস’ বিভাগে প্রদর্শিত হয়। অং বলেছেন, ‘এটা এই উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ। এখানে বছরের সবচেয়ে সম্ভাবনাময় ও প্রতিশ্রুতিশীল কয়েকজন নবীন পরিচালকের ছবির প্রদর্শনী হয়।’
অং আরও জানান, গত বছর নভেম্বরে এস্তোনিয়ায় তালিন ব্ল্যাক নাইট চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিল তাঁর এই ছবিটি। এর আগে ‘মাই বাইসাইকেল’ রাশিয়ার সিলভার আক বুজাত এথনিক সিনেমা ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে। এ ছাড়া ফিনল্যান্ডের স্কাবমাগোভাত ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালসহ আরও কয়েকটি উৎসবে প্রদর্শিত হয় ছবিটি।